ব্যাটারিচালিত অটোরিকশা চলবে নির্ধারিত রুটে, আসছে নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক নিয়ম

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | একটি বাংলাদেশ ডেস্ক | একটি বাংলাদেশ অনলাইন

বছরের পর বছর ধরে দেশের সড়কে শৃঙ্খলা বিনষ্ট করে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের লাগাম টানতে সরকার এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে। সারাদেশে ছড়িয়ে পড়া এই স্বল্পগতির যানবাহনের সংখ্যা এখন কয়েক লাখ ছাড়িয়ে গেছে। এদের বেশিরভাগই নিবন্ধনহীন, চালকের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গঠনগতভাবেও এগুলো ঝুঁকিপূর্ণ। এই বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণে সরকার চূড়ান্ত করতে যাচ্ছে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই খসড়া নীতিমালা তৈরি করেছে। এতে বলা হয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশা চলবে নির্দিষ্ট এলাকায় ও নির্ধারিত রুটে, মহাসড়কে একদমই নয়। এক্ষেত্রে নিবন্ধন, চালকের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, কর ও শুল্ক প্রদানসহ থাকবে আরও একগুচ্ছ কঠোর নিয়ম। এসব নিয়ম মানা না হলে চালক, মালিক এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর আওতায় আইনি ব্যবস্থা নিতে হবে।

প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, প্রত্যেক অটোরিকশাকে নিবন্ধন পেতে হবে বিআরটিএ থেকে, চালকের থাকতে হবে বিআরটিএ ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স। শুধু তাই নয়, যাত্রী পরিবহনের সময় লাইসেন্স সঙ্গে না থাকলে তাও অপরাধ হিসেবে গণ্য হবে।

নীতিমালা অনুযায়ী, মধ্যম গতির অটোরিকশার সর্বোচ্চ গতি হবে ৫০ কিলোমিটার ও ধীরগতির যানবাহনের গতি ৩০ কিলোমিটার। রাজধানীসহ বড় শহরে চলাচলের জন্য অটোরিকশার মডেল ও যন্ত্রাংশকে অবশ্যই কারিগরিভাবে ত্রুটিমুক্ত এবং বিএসটিআই অনুমোদিত হতে হবে। এসব যন্ত্রাংশ যেমন মোটর, কন্ট্রোলার, ব্যাটারি, গিয়ার বক্স, এক্সেল ইত্যাদি বিআরটিএর নকশা ও মানদণ্ড অনুসারে তৈরি করতে হবে এবং অনুমোদিত ব্র্যান্ড নামেই বাজারজাত করতে হবে।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়াতের জন্য থ্রি-হুইলার গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার অন্যতম কারণ। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অগণিত অটোরিকশা চলাচল করছে যেগুলোর অনেকগুলো অবৈধ, ফিটনেসবিহীন ও চালকের লাইসেন্স ছাড়াই চালানো হচ্ছে। সড়ক দুর্ঘটনা ও ট্র্যাফিক ব্যবস্থার অবনতির পেছনে এদের অবদান উল্লেখযোগ্য।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এহসানুল হক বলেন, “দেশজুড়ে থ্রি-হুইলারের সংখ্যা দিন দিন অপ্রতিরোধ্যভাবে বাড়ছে। অননুমোদিত, ঝুঁকিপূর্ণ এসব যান শুধু সড়কের নিরাপত্তা নয়, বরং দেশের পরিবহনব্যবস্থাকেই বিশৃঙ্খল করে তুলছে। তাই বাস্তবতার নিরিখে নীতিমালার খসড়া করা হয়েছে। এখন সব পক্ষের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।”

প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যক্তি সর্বোচ্চ তিনটি মধ্যম গতির এবং পাঁচটি ধীরগতির অটোরিকশার মালিক হতে পারবেন। পরিবহন কোম্পানি চাইলে সর্বোচ্চ ২৫টি মধ্যম গতির অটোরিকশা নিবন্ধন করতে পারবে। কোনো ডিলার বিআরটিএ অনুমোদন ছাড়াই অটোরিকশা হস্তান্তর করতে পারবে না।

বিআরটিএ নির্ধারিত ভাড়ায় চলবে এসব যানবাহন, আর ধীরগতির অটোরিকশার সর্বোচ্চ দৈর্ঘ্য ৩.৯ মিটার, প্রস্থ ১.৫ মিটার এবং ওজন ৫০০ কেজি নির্ধারণ করা হয়েছে। এসব গাড়ির ইকনোমিক লাইফ সরকার নির্ধারিত হবে, এবং এক বছরের মধ্যে সব অটোরিকশাকে নিরাপদ মডেলে রূপান্তর করতে হবে। এরপর অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তাবিত নীতিমালায় আরও বলা হয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে ‘বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা ২০২১’ অনুসরণ করতে হবে এবং নির্ধারিত স্থানেই চার্জিং স্টেশন স্থাপন করতে হবে।

যান চলাচলের ক্ষেত্রেও কঠোর নিয়ম আরোপ করা হচ্ছে। মহাসড়কে চলতে পারবে না কোনো ব্যাটারিচালিত অটোরিকশা। তবে সিটি করপোরেশন বা ‘এ’ ক্যাটাগরির পৌরসভা এলাকার অভ্যন্তরে ও নির্ধারিত রুটে মধ্যম গতির অটোরিকশা চলবে। ধীরগতির যানবাহন চলবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্ধারিত রুটে। এসব অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি নির্ধারণ করবে কোন এলাকায় কতটি যানবাহন চলবে।

এ জাতীয় যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং মালিক ও চালকের তথ্য পরিষ্কারভাবে যাত্রীর দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া প্রশিক্ষণের আওতায় আনা হবে চালকদের এবং বিআরটিএ জেলাভিত্তিক প্রশিক্ষণ চালু করবে বলে নীতিমালায় বলা হয়েছে।

সরকার বলছে, যাত্রীদের নিরাপদ, সাশ্রয়ী ও নিয়মতান্ত্রিক পরিবহন নিশ্চিত করতেই এ নীতিমালা। বাস্তবায়ন সঠিকভাবে হলে সড়কে নৈরাজ্য, দুর্ঘটনা এবং ট্র্যাফিক বিশৃঙ্খলা কমে আসবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এ উদ্যোগ দেশের পরিবহন খাতকে আধুনিকীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত