রাখির বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, কৃতির পোশাক ঘিরে সমালোচনা

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

ভারতে আসন্ন রাখি বন্ধন উৎসব উপলক্ষে প্রকাশিত একটি বিজ্ঞাপন ঘিরে তীব্র বিতর্কের পর সেটি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে গয়না ব্র্যান্ড ‘গিভা’। বিজ্ঞাপনটিতে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত বিজ্ঞাপনটিকে ‘অত্যন্ত অস্বস্তিকর’ বলে মন্তব্য করলে বিতর্ক আরও ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপনটিতে কৃতি শ্যাননকে ক্রপড টপ ও স্কার্ট পরা অবস্থায় রাখি বন্ধন উদ্‌যাপন করতে দেখা যায়। হিন্দু ধর্মীয় এই উৎসবে সাধারণত বোনেরা ভাইয়ের কবজিতে ‘রাখি’ নামে একটি সুতো বাঁধেন। বিজ্ঞাপনের একটি দৃশ্যে কৃতিকে তাঁর পোষা কুকুরের গলায়ও রাখি বাঁধতে দেখা যায়।

মঙ্গলবার বিজ্ঞাপনটি নিয়ে মন্তব্য করেন কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, পোশাকের এত বিকল্প থাকার পরও বিজ্ঞাপনে এমন পোশাক কেন ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কঙ্গনা কৃতির নাম সরাসরি উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশের ধারণা, তাঁর মন্তব্যটি কৃতিকে উদ্দেশ্য করেই করা হয়েছে।

কঙ্গনার মন্তব্যের পর বিজ্ঞাপনটি নিয়ে অনলাইনে আলোচনা দ্রুত বাড়তে থাকে। কয়েকজন ব্যবহারকারী কৃতির পোশাকের সমালোচনা করেন। বিজ্ঞাপনে পোষা কুকুরকে রাখি পরানোর দৃশ্য নিয়েও আপত্তি জানান অনেকে।

তবে কৃতির পক্ষে দাঁড়ান অনেকে। তাদের মধ্যে ছিলেন কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী। তিনি বলেন, একজন নারী কী পোশাক পরবেন, সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যরাও কঙ্গনার মন্তব্যের সমালোচনা করে বলেন, নারীর পোশাক নিয়ে নৈতিকতার প্রশ্ন তোলা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।

এদিকে কৃতি শ্যাননও সরাসরি কারও নাম উল্লেখ না করে নারীর পোশাক ও রাখি বন্ধনের মূল চেতনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

মঙ্গলবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বক্তব্যে কৃতি বলেন, কোনো উৎসবের সার্থকতা পোশাকের ওপর নির্ভর করে না; বরং এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও অনুভূতিই গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য অনুযায়ী, রাখি বন্ধনের মূল অর্থ হলো প্রিয়জনদের পাশে থাকা এবং একে অপরকে আগলে রাখা।

কৃতি আরও বলেন, তিনি ও তাঁর বোন পরস্পরকে রাখি পরান এবং একে অপরের সুরক্ষা ও কল্যাণ কামনা করেন। তাঁর মতে, প্রিয়জনদের ক্ষেত্রে ভাই-বোনের সম্পর্কের বাইরেও একই ধরনের ভালোবাসা ও সুরক্ষার অনুভূতি থাকতে পারে।

পোষা কুকুরের গলায় রাখি পরানোর বিষয়টিও ব্যাখ্যা করেন কৃতি। তিনি বলেন, রাখি বন্ধন ঐতিহ্যগতভাবে ভাই-বোনের বন্ধন উদ্‌যাপনের উৎসব হলেও এর মূল চেতনার সঙ্গে প্রিয়জনদের সুরক্ষার বিষয়টি জড়িত। পরিবারের পোষা প্রাণীরাও সেই পরিবারের অংশ বলে তিনি উল্লেখ করেন।

সমালোচনার পর বিজ্ঞাপন প্রত্যাহার

কৃতির বক্তব্যের পরও বিতর্ক থামেনি। বুধবার গয়না ব্র্যান্ড গিভা বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। রাখি বন্ধনের উদ্‌যাপনে এবার পোষা প্রাণীদেরও অন্তর্ভুক্ত করার লক্ষ্য ছিল তাদের।

ব্র্যান্ডটি জানায়, বিজ্ঞাপনটি সমাজের কোনো অংশের মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে সেটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। সবার প্রতি সম্মান জানিয়ে সব প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জেরে বিজ্ঞাপন প্রত্যাহারের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২০ সালে গয়না ব্র্যান্ড তানিষ্ক একটি আন্তঃধর্মীয় পরিবারকে কেন্দ্র করে তৈরি বিজ্ঞাপন নিয়ে অনলাইনে সমালোচনার মুখে সেটি প্রত্যাহার করেছিল।

নারীর পোশাক নিয়ে বিতর্কও ভারতে নতুন নয়। বিভিন্ন সময়ে নারীরা কী ধরনের পোশাক পরবেন, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে বিতর্ক তৈরি হয়েছে।

গত বছর একটি সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিযোগীদের পোশাক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দেখা যায়। এর আগে ২০২১ সালে এক শিক্ষার্থী পরীক্ষায় শর্টস পরে আসায় তাঁকে পায়ে কাপড় জড়িয়ে বসতে বাধ্য করার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

একই বছর উত্তরাখণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী নারীদের ছেঁড়া জিনস পরা নিয়ে মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিবাদ শুরু হয়। বহু নারী ও পুরুষ ছেঁড়া জিনস পরা নিজেদের ছবি প্রকাশ করে ওই মন্তব্যের প্রতিবাদ জানান।

রাখি বন্ধনের বিজ্ঞাপনকে ঘিরে এবারের বিতর্কও শেষ পর্যন্ত বিজ্ঞাপন, নারীর পোশাকের স্বাধীনতা এবং ধর্মীয় উৎসবের উপস্থাপনাকে কেন্দ্র করে বৃহত্তর সামাজিক আলোচনায় পরিণত হয়েছে। কৃতির বক্তব্যের পরও বিতর্ক চলতে থাকায় গিভার বিজ্ঞাপন প্রত্যাহারের সিদ্ধান্ত সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত