রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ অনুসন্ধানে দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এক বিজ্ঞপ্তিতে জানায়,
অগ্নিকাণ্ডে হওয়া সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী।
সদস্যরা হলেন—
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব মো. রইচ উদ্দিন খান
এনবিআরের প্রথম সচিব মো. তারেক হাসান
কাস্টম হাউস ঢাকার যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান
এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া (সদস্য সচিব)
কমিটিকে দ্রুততম সময়ে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষও অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এই কমিটির সভাপতি করা হয়েছে চিফ (ফ্লাইট সেফটি)-কে এবং সদস্য সচিব উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স)-কে।
সদস্য হিসেবে রয়েছেন —
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি
মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি)
চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসুরেন্স)
উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি)
উপ-মহাব্যবস্থাপক (কার্গো–রপ্তানি)
এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে।
অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা যোগ দেয়। টানা ৭ ঘণ্টার চেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।