মৌলভীবাজারে ‘আপনার এসপি’ ডিজিটাল সেবা উদ্বোধন

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার
মৌলভীবাজারে ‘আপনার এসপি’ ডিজিটাল সেবা উদ্বোধন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক , একটি বাংলাদেশ অনলাইন

মৌলভীবাজার জেলা পুলিশ ‘আপনার এসপি’ নামে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে, যা জেলার সাধারণ নাগরিকদের জন্য পুলিশি সেবা সহজ ও দ্রুততর করার লক্ষ্যে নেওয়া হয়েছে। ‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’ শ্লোগান নিয়ে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা নিজের থানায় বসেই জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, পুলিশ সুপারের সঙ্গে সরাসরি ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন।

জেলার সাতটি থানায় স্থাপিত ‘আপনার এসপি ডেস্ক’-এ প্রতিটি থানার এসপি মনোনীত একজন নারী অপারেটর দায়িত্ব পালন করবেন এবং নাগরিকদের অভিযোগ গ্রহণ, সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে সহযোগিতা করবেন। ফলে মানুষকে জেলা সদরে আসার ঝামেলা পোহাতে হবে না। পাশাপাশি, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাজ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।

প্রায় দেড় মাসের পরীক্ষামূলক চালু রাখার পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম)। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “‘আপনার এসপি’ একটি ডিজিটাল সেবা ডেস্ক। এর মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং পুলিশি সেবা দ্রুততরভাবে পৌঁছে যাবে। এ উদ্যোগের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জবাবদিহিতা আরও নিশ্চিত করা সম্ভব হবে।”

পুলিশ সুপার আরও বলেন, “পুলিশি সেবার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালের সঙ্গে যোগাযোগ করা যাবে না। প্রয়োজনে নাগরিকরা সরাসরি থানার অফিসার ইনচার্জ অথবা ডিউটি অফিসারের কক্ষ থেকে ভিডিও কলে পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং জেলার সাত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাগরিকদের জন্য এই নতুন ডিজিটাল সেবা নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে মৌলভীবাজারে পুলিশি সেবা আরও নাগরিকমুখী ও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত