আগামী নির্বাচনে ও সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এনসিপি-সারজিস আলম

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার
নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ কাল

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি কোনোভাবেই “পোষা বিরোধী দল” হিসেবে রাজনীতি করতে আসেনি; বরং দেশের তৃতীয় শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

শনিবার জয়পুরহাটে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, “বাংলাদেশে যদি তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থাকে এবং প্রথম ও দ্বিতীয় দলের ভোট কাছাকাছি হয়, তাহলে তৃতীয় দলই নির্ধারণ করবে কে সরকার গঠন করবে। এনসিপি সেই তৃতীয় শক্তি হিসেবেই আগামী নির্বাচনে ভূমিকা রাখবে।”

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন যদি একটি রাজনৈতিক দলকে তার প্রাপ্য প্রতীক দিতে না পারে, তবে সেই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা আশা করি, এনসিপি তার প্রাপ্য শাপলা প্রতীক পেয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যদি শাপলা প্রতীক দিতে এনসিপির সঙ্গে অন্যায় করা হয়, তাহলে রাজপথে এবং রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে। আমরা শাপলা প্রতীকেই নির্বাচন করব—এটাই আমাদের অঙ্গীকার।”

সভায় সারজিস আলম জানান, আগামী দুই মাসের মধ্যেই জয়পুরহাট জেলার সব উপজেলা পর্যায়ে দলের কমিটি গঠন সম্পন্ন করা হবে। তিনি বলেন, “আমরা এখন দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজে মনোযোগী। তবে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”

জয়পুরহাট জেলা শাখার আয়োজিত এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি এখন তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে। দলের নেতৃত্ব মনে করছে, দুই প্রধান রাজনৈতিক শক্তির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারলে আসন্ন নির্বাচনে তারা ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত