সালমান শাহর মৃত্যু হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় ২৯ বছর পর আদালত তাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সোমবার এই আদেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী আবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগ ও ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে রমনা মডেল থানা পুলিশকে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ হঠাৎ মৃত্যু বরণ করেন। তার সাবেক স্ত্রী সামিরা হক তখন এটিকে আত্মহত্যা হিসেবে দাবি করেন। কিন্তু পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী মামলা দায়ের করেন, যার দাবি ছিল ছেলেকে হত্যা করা হয়েছে। ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগ একসঙ্গে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের পর ১৯৯৭ সালের ২৫ নভেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে রায় দেন।

২০০৩ সালে রিভিশন মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক ‘অপমৃত্যু’ উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। সালমান শাহর বাবা মারা গেলে বাদী হন তার মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন নিয়ে নারাজি আবেদন করেন। এরপর তদন্তের ভার পিবিআইয়ের ওপর অর্পিত হয়।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত তা গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। বাদীপক্ষের পুনরায় রিভিশন মামলার ভিত্তিতে আদালত সোমবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের অভিযোগ, সালমান শাহর হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবিত ব্যক্তিরা এটিকে ‘আত্মহত্যা’ ও ‘অপমৃত্যু’ হিসেবে প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত