প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন সেন্টারের (আইভ্যাক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্থগিতাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আজ থেকেই এই কেন্দ্রের সকল কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করার পর পুনরায় কেন্দ্রটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত হাইকমিশন কার্যালয়ের সামনে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতি এবং নিরাপত্তার অভাববোধ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই আকস্মিক বন্ধের ফলে সাধারণ ভিসা প্রত্যাশী ও জরুরি চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আজ সকালে অনেক আবেদনকারী কেন্দ্রে গিয়ে কার্যক্রম বন্ধ দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
মূলত, গত ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামের খুলশীতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতির পর থেকেই সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সেই ঘটনার রেশ ধরে এবং সার্বিক নিরাপত্তাঝুঁকি বিবেচনা করেই আজ থেকে ভিসা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভারতবিরোধী বিক্ষোভ দানা বেঁধেছে। চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলেও সহকারী হাইকমিশন আপাতত তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম বন্ধ রাখাই শ্রেয় মনে করছে। ভিসা সেন্টারটি কবে নাগাদ পুনরায় চালু হবে, তা নির্ভর করছে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর।