প্রকাশ: ১২ জুলাই’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
সমাজ পরিবর্তনে কোরআনের শিক্ষা অনুসরণের গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দিলেন মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, নৈতিক সংকট ও মানবিক সঙ্কটে সমাধান এনে দিতে পারে কেবল কোরআনের শিক্ষাই। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে কোরআন বুঝে পড়ার সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি।
শনিবার (১২ জুলাই) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আটটি ইউনিয়নে আয়োজিত কোরআন বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোরআনের সমাজ গঠনে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন সাইফুর রহমান। তিনি বলেন, “কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবনব্যবস্থা। সমাজে ন্যায়, সুবিচার, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় কোরআনের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “কোরআনের মর্ম বুঝে পড়ার মধ্য দিয়ে আমাদের চিন্তা-চেতনায় যে পরিবর্তন আসে, তা কেবল ব্যক্তি নয়, সমগ্র সমাজকেই নতুন পথ দেখাতে পারে। এজন্য কোরআনকে সহজ ও বোধগম্য করে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। কোরআনকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারলেই আমরা ন্যায়ের সমাজ গড়ে তুলতে পারব।”
উপজেলার জামায়াতে ইসলামী ও এক শুভাকাঙ্ক্ষীর সহায়তায় আয়োজিত এই উদ্যোগে আটটি ইউনিয়নে শতাধিক কোরআনের তাফসিরের খণ্ড বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, এটি একটি ধারাবাহিক কর্মসূচি এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে কোরআন বিতরণ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, মিরসরাই থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক পুনর্জাগরণেও ভূমিকা রাখবে। কোরআনের আলোয় আলোকিত সমাজ গঠনের এই প্রয়াসে অংশ নিতে সমাজের বিবেকবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
মিরসরাইয়ের স্থানীয় জনগণের মধ্যে এ উদ্যোগ ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে বলে জানায় আয়োজক কমিটি। তৃণমূলে কোরআনের বার্তা পৌঁছে দিয়ে সমাজে মানবিক ও ন্যায়ভিত্তিক সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন সকলে।