‘ইংল্যান্ডের স্নেহ বাংলাদেশের অগাধ ভালোবাসার ধারেকাছেও নয়’

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৪ বার
'ইংল্যান্ডের স্নেহ বাংলাদেশের অগাধ ভালোবাসার ধারেকাছেও নয়'

প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের পরই যেন আবিষ্কার করেছেন এক নতুন ভালোবাসার জগৎ। শুধু মাঠের খেলাই নয়, মাঠের বাইরের অভিজ্ঞতা তাকে আবেগে আপ্লুত করে তুলেছে। সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে অংশ নেওয়ার পর আবারও এই দেশটির প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ভারতের সল্টলেকে বাংলাদেশের জার্সিতে তাঁর আন্তর্জাতিক ফুটবল অভিষেক হয়। এরপর গত জুনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। সব মিলিয়ে দুইবার বাংলাদেশে আসার অভিজ্ঞতা হামজার কাছে হয়ে উঠেছে জীবনের অন্যতম সেরা স্মৃতি। তিনি বলছেন, এমন ভালোবাসা ইংল্যান্ডে কখনও অনুভব করেননি।

সম্প্রতি লেস্টার সিটির ক্লাব মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বলেন, “বাংলাদেশে গিয়ে আমি আমার গ্রামে যাই। গ্রামের পরিবেশ পুরোপুরি ভিন্ন, খুবই সাধারণ কিন্তু হৃদয়ছোঁয়া। আমি যখন যুক্তরাজ্যে থাকি, তখন একজন পেশাদার ফুটবলার হিসেবে মানুষের দৃষ্টি আকর্ষণ করি বটে, তবে সেটার গভীরতা বাংলাদেশের ভালোবাসার ধারেকাছেও না। সেখানে যে আন্তরিকতা আমি পেয়েছি, তা সত্যিই অসাধারণ।”

তিনি আরও বলেন, “যখন গ্রামে গেলাম, তখন আমাকে সংবর্ধনা দেওয়া হয়। এমন ভালোবাসা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি রীতিমতো অভিভূত হয়ে গিয়েছিলাম। আমার আগমনে যে মানুষের ঢল নেমেছিল, সেটা কারও কাছে হয়তো আতঙ্কের, আবার কারও কাছে আবেগের বিষয় হতে পারে। তবে আমার কাছে সেটা ছিল নিখাদ ভালোবাসা। মনে হয়েছে, আমার হৃদয়টা ওখানেই রয়ে গেছে।”

বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বলেন, দেশে গিয়ে তিনি কেবল একজন পেশাদার খেলোয়াড় হিসেবে নয়, বরং একজন আপনজন হিসেবে যত্ন ও শ্রদ্ধা পেয়েছেন, যা তাকে আরও গভীরভাবে এই দেশের সঙ্গে যুক্ত করে তুলেছে।

বাংলাদেশের হয়ে খেলে জাতীয় দলের অংশ হওয়া এবং নিজের শেকড়ের সঙ্গে সরাসরি যোগাযোগে আসার সুযোগ পেয়ে হামজা যেমন কৃতজ্ঞ, তেমনি ভবিষ্যতেও দেশের প্রতিনিধিত্ব করার আগ্রহও ব্যক্ত করেছেন। ভালোবাসার এমন প্রাচুর্য তাকে টানছে বারবার ফিরে আসার জন্য।

এই অনুভূতি ফুটবল বিশ্বে বিরল। শুধু একজন খেলোয়াড় নয়, বরং একজন মানুষ হিসেবে হামজা চৌধুরী যেন বাংলাদেশে পেয়েছেন এক নতুন পরিচয়—ভালোবাসা আর আত্মিক টানের।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত