প্রকাশ: ০৩ অগাস্ট’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক | একটি বাংলাদেশ অনলাইন
বিশ্ব ফুটবলে দলবদলের মৌসুম মানেই উত্তেজনার অন্যরকম রূপ। কে কোথায় যাচ্ছেন, কার দাম কত, নতুন কোন তারকার উত্থান—এসব নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এই আলোচনায় এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে “ট্রান্সফার মার্কেট”—যা ফুটবলারদের বর্তমান বাজারমূল্য বিশ্লেষণ ও উপস্থাপনের মাধ্যমে দলবদলের গতিপ্রকৃতি বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০০০ সালে প্রতিষ্ঠিত এই বিখ্যাত অনলাইন স্পোর্টস প্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বিস্তৃত ফুটবল ডাটাবেস পরিচালনা করছে। বয়স, পারফরম্যান্স, জনপ্রিয়তা, ফিটনেস, শৃঙ্খলার রেকর্ডসহ বহু মানদণ্ড বিশ্লেষণ করে তারা খেলোয়াড়দের বাজারমূল্য নির্ধারণ করে। বিশেষ করে বয়সের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ—কারণ ৩০ বছর পার করলেই অধিকাংশ ফুটবলারের বাজারমূল্যে ধস নামতে শুরু করে।
ট্রান্সফার মার্কেটের সর্বশেষ হালনাগাদ (৩১ জুলাই ২০২৫) অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হলেন মাত্র ১৮ বছর বয়সি বার্সেলোনা সুপারস্টার লামিন ইয়ামাল। তার বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো, যা বিশ্ব ফুটবলে এক নজিরবিহীন অবস্থান।
এই তালিকায় ইয়ামালের ঠিক পেছনেই রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, যার বাজারমূল্য ১৭০ মিলিয়ন ইউরো। তাদের মধ্যকার এই ব্যবধান যতটা অর্থনৈতিক, তার চেয়েও বেশি কৌশলগত—কারণ ইয়ামালের বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ সম্ভাবনা তাকে বাজারে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এদিকে বয়সভিত্তিক বাজারমূল্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, বর্তমানে ২৫ বছর বয়সি ফুটবলারদের সম্মিলিত বাজারমূল্য সবচেয়ে বেশি—৬.৯৮ বিলিয়ন ইউরো। এই বয়সি খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, যার একক বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো।
২৫ বছরের ফুটবলারদের পরেই রয়েছে ২৬ বছর বয়সিদের (৬.২৪ বিলিয়ন ইউরো) এবং ২৪ বছর বয়সিদের (৬.১২ বিলিয়ন ইউরো) গ্রুপ। ২২ থেকে ২৭ বছর বয়সি ফুটবলারদের সম্মিলিত বাজারমূল্য পাঁচ বিলিয়ন ইউরোরও বেশি, যা প্রমাণ করে এই বয়সকালেই ফুটবলাররা সবচেয়ে কার্যকর ও চাহিদাসম্পন্ন হিসেবে বিবেচিত হন।
সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, ট্রান্সফার মার্কেট ১৬ বছরের নিচে কোনো ফুটবলারের বাজারমূল্য নির্ধারণ করে না। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হিসেবে ৫২ বছর বয়সি জাপানি কিংবদন্তি কাজুইয়োশি মিউরার নাম উঠে এসেছে, যিনি এখনও পেশাদার ফুটবলে সক্রিয় রয়েছেন।
এইসব তথ্য শুধু দলবদলের আলোচনায় নতুন মাত্রা যোগ করে না, বরং ফুটবল অর্থনীতির ধারাবাহিক বিশ্লেষণেরও দরজা খুলে দেয়। বাজারে তারকাদের মূল্যবৃদ্ধি এবং পতন ফুটবলের গতিপ্রকৃতি যেমন বদলায়, তেমনি ভবিষ্যতের দল গঠনের কৌশল নির্ধারণেও বড় ভূমিকা রাখে।
বিশ্ব ফুটবল এখন ইয়ামালের দিকে তাকিয়ে, যিনি একদিকে যেমন তরুণ, অন্যদিকে অভাবনীয় প্রতিভার অধিকারী। প্রশ্ন হলো, আগামী মৌসুমে কি তিনি এই শীর্ষস্থান ধরে রাখতে পারবেন? আর ভিনিসিয়ুস কিংবা হলান্ডের মতো প্রমাণিত তারকারা কি ফিরিয়ে আনবেন নিজেদের বাজারমূল্যের সর্বোচ্চ চূড়ায়? সময়ই দেবে তার উত্তর।