ইসরাইলের অবস্থানের নিন্দায় ৮ মুসলিম দেশ

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩০ বার

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

ফিলিস্তিনের গাজা নিয়ে প্রস্তাবিত সমন্বিত শান্তি পরিকল্পনা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ প্রত্যাখ্যান করায় ইসরাইলের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব, মিসরসহ আটটি মুসলিম দেশ।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ইসরাইলের এমন অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সমন্বিত শান্তি পরিকল্পনা থেকে সরাসরি সরে যাওয়ার শামিল। একই সঙ্গে এটি পরিকল্পনাটি বাস্তবায়নের প্রচেষ্টাকেও হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে ইসরাইলের অবস্থান বাধাগ্রস্ত করছে। ফলে শান্তি প্রক্রিয়ায় নতুন করে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তার জন্য ইসরাইলের অবস্থানকে দায়ী করেছে দেশগুলো।

আট মুসলিম দেশের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর রোডম্যাপ গ্রহণ বৃহত্তর একটি কূটনৈতিক উদ্যোগের ফল। কিন্তু ইসরাইলের বর্তমান অবস্থান ওই উদ্যোগের বাস্তবায়নকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

দেশগুলো মনে করে, ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই। তাদের মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাঠামোর ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই ন্যায়সংগত, স্থায়ী ও সার্বিক শান্তি নিশ্চিত করা সম্ভব।

যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তাবিত রোডম্যাপ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং সমন্বিত শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

গাজা যুদ্ধের অবসান, মানবিক সংকট মোকাবিলা এবং ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এর মধ্যেই ইসরাইলের পক্ষ থেকে শান্তি পরিকল্পনা ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ প্রত্যাখ্যানের বিষয়টি নতুন করে কূটনৈতিক চাপ তৈরি করেছে।

আট মুসলিম দেশের যৌথ অবস্থান সেই চাপ আরও দৃশ্যমান করেছে। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, গাজা সংকটের টেকসই সমাধানের জন্য কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং একটি রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন।

বিস্তারিত জানতে ক্লিক করুন >> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত