ঢাকার স্টেডিয়ামে মুগ্ধ ব্রাজিল, বাড়ছে ম্যাচের সম্ভাবনা

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫ বার

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সেই ম্যাচের ভেন্যু পরিদর্শনে ২০ আগস্ট কলকাতায় গিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল। তবে কলকাতার মূল মাঠ, অনুশীলন মাঠ, ড্রেসিংরুম ও শৌচাগারের অবস্থা দেখে তারা সন্তুষ্ট হতে পারেনি। এরপরই হঠাৎ ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

রোববার বিকেল ৩টার দিকে প্রতিনিধি দলটি ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। মাঠ, ড্রেসিংরুমসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন তারা। পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে সন্তুষ্টির ছাপ দেখা যায়। ভবিষ্যতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ঢাকার জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের আগ্রহও প্রকাশ করেছে ব্রাজিল।

বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ব্রাজিল থেকে আসা প্রতিনিধি দল স্টেডিয়াম ও মাঠের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মাঠের সংস্কারকাজ চলমান রয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনার কথাও তাদের জানানো হয়েছে। প্রতিনিধি দলটি ড্রেসিংরুমসহ পুরো স্টেডিয়াম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছে এবং প্রয়োজনে আবারও ঢাকায় এসে পরিস্থিতি দেখার কথা জানিয়েছে।

ব্রাজিলের প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে। ওই মাঠের পরিবেশও তাদের পছন্দ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্রাজিলের জাতীয় দল আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে তাদের। অস্ট্রেলিয়া থেকে কলকাতা যাওয়ার পথে ব্রাজিল দল ঢাকায় আসতে পারে—এমন সম্ভাবনাও তৈরি হয়েছে। আলোচনায় রয়েছে ৩০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর ঢাকার মাঠে অনুশীলন করে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার বিষয়টি।

তবে বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ আয়োজনের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের পর প্রতিনিধি দল তাদের আনুষ্ঠানিক মতামত জানায়নি। মাঠ ও অবকাঠামোর বিষয়ে চূড়ান্ত মূল্যায়নের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইকবাল হোসেন বলেন, জাতীয় স্টেডিয়ামের পরিবেশ দেখে ব্রাজিলের প্রতিনিধি দল প্রাথমিকভাবে মুগ্ধ হয়েছে। তারা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলার সম্ভাবনার কথা তারা জানিয়েছে। তবে প্রতিনিধি দলের চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়ার পরই তাদের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

কলকাতার মাঠ নিয়ে অসন্তোষের পর ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন ব্রাজিলের সম্ভাব্য সফরকে নতুন মাত্রা দিয়েছে। এখন মাঠের সংস্কারকাজ শেষ হওয়া এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ফুটবল অঙ্গন।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত