প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। খবর পেয়ে র্যাব সদস্যরা নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসান।
রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটি থামানো হয়। অটোরিকশাটিতে একমাত্র যাত্রী ছিলেন রবিউল ইসলাম। তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁর ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।
পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি। তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। রবিউল ইসলামকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবে কোনো রাজনৈতিক পরিচয় মাদকসংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ছাড় পাওয়ার কারণ হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।