২৮ বছরের বিশ্বরেকর্ডে শিল্টনের পাশে দাঁড়ালেন ব্রাজিলিয়ান গোলরক্ষক

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার
২৮ বছরের বিশ্বরেকর্ডে শিল্টনের পাশে দাঁড়ালেন ব্রাজিলিয়ান গোলরক্ষক

প্রকাশ: ১৭ অগাস্ট ‘২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও লিখলেন ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়। ফ্লুমিনেন্সের হয়ে খেলতে নেমে তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি ইংলিশ গোলরক্ষক পিটার শিল্টনের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড। ফ্লুমিনেন্সের হয়ে ২-১ গোলে জেতা ম্যাচটি ছিল ফাবিওর ক্যারিয়ারের ১,৩৯০তম প্রতিযোগিতামূলক ম্যাচ, যা শিল্টনের সমান। আর মাত্র এক ম্যাচ খেললেই তিনি হবেন বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।

২৮ বছরের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে ৪৪ বছর বয়সী ফাবিও খেলেছেন চারটি ক্লাবের হয়ে। উনিয়াও বান্দেইরান্তের হয়ে ৩০টি, ভাস্কো দা গামার হয়ে ১৫০টি, ক্রুজেইরোর হয়ে বিস্ময়কর ৯৭৬টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। বর্তমানে ফ্লুমিনেন্সের হয়ে খেলছেন ২৩৪তম ম্যাচ। শুরুর ক্লাব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটি ধাপে তিনি নিজেকে প্রমাণ করেছেন নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে।

আগামী মঙ্গলবার কোপা সুদআমেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে কালির বিপক্ষে ফ্লুমিনেন্সের প্রথম একাদশে নামা প্রায় নিশ্চিত ফাবিওর। সেক্ষেত্রে শিল্টনের রেকর্ড পেছনে ফেলতে আর কোনো বাধাই থাকবে না। শিল্টন নিজেই ২০২৩ সালে স্বীকার করেছিলেন যে ফাবিও তার রেকর্ড ভাঙার পথে এগিয়ে আসছেন। তিনি তখন বলেছিলেন, যদি ফাবিও সত্যিই রেকর্ড ভাঙেন, তবে সবার আগে তিনিই অভিনন্দন জানাবেন।

শিল্টনের ক্যারিয়ার ছিল ১৯৬৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, তার প্রতিযোগিতামূলক ম্যাচ সংখ্যা ১,৩৯০। তবে এ নিয়ে বিতর্ক রয়েছে। গিনেস বুক এবং কিছু পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট এই সংখ্যা ১,৩৯০ হিসেবেই ধরে, কিন্তু শিল্টন নিজে দাবি করেন তার ম্যাচ সংখ্যা ১,৩৮৭। কারণ গিনেস তার ১৬টি অনানুষ্ঠানিক ম্যাচ যোগ করেছে, আবার শিল্টন নিজে যুক্ত করেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলা ১৩টি ম্যাচ, যা সাধারণত ধরা হয় না।

এই ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফাবিও স্থানীয় গণমাধ্যম গ্লোবোকে বলেন, “ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। আমার বাবা, মা, বোন, বন্ধু, স্ত্রী—সবাইকে ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করি একজন ভালো মানুষ হতে। সতীর্থদের সাহায্য করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কৃতজ্ঞ, কিন্তু ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “এই ম্যাচগুলো সহজ নয়। আমরা সবসময় শক্তিশালী দলের মুখোমুখি হই। আমাদের মূল লক্ষ্য শিরোপা জেতা। সেই লক্ষ্যে আমরা সবসময় লড়াই করে যাচ্ছি।”

এখন কেবল সময়ের অপেক্ষা—শিল্টনের ছোঁয়া ইতিহাসকে ফেলে এককভাবে বিশ্ব ফুটবলের সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন ব্রাজিলের ফাবিও।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত