২০ আগস্ট ২০২৫| নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন
ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অফিস তৈরি করার খবর তাদের নজরে এসেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওই দলের নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গত জুলাইয়ে একটি ভুঁইফোড় এনজিওর আড়ালে আওয়ামী লীগের নেতারা দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে তারা বিভিন্ন পুস্তিকা বিতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত এই নেতাদের এমন কর্মকাণ্ড দুই দেশের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতির জন্যও হুমকিস্বরূপ হতে পারে। এছাড়া এই ধরনের কার্যক্রম দেশের মানুষের মধ্যে জনরোষ সৃষ্টি করতে পারে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে বিবৃতিতে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে, তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সরকার আশা করছে, দুই দেশের মধ্যকার সম্পর্ক বজায় রাখতে এবং সীমান্ত পারস্পরিক শান্তি রক্ষায় ভারত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।