মাসচেরানোর লাল কার্ড, সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মেসিহীন মিয়ামি

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার
মাসচেরানোর লাল কার্ড, সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মেসিহীন মিয়ামি

প্রকাশ: ২১ অগাস্ট’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

চোটের কারণে মাঠে নামতে পারেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। দর্শকসারিতেই বসে থাকতে হলো তাকে। মেসিকে ছাড়া অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। এর ওপর ম্যাচের মাঝপথে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো কোচ হাভিয়ের মাসচেরানোকে। সব মিলিয়ে দলটা যখন কঠিন পরিস্থিতিতে, তখনই ত্রাতা হয়ে হাজির হলেন উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তার জোড়া গোলে শেষ পর্যন্ত টাইগ্রেসকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগস কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মিয়ামি।

ম্যাচের শুরু থেকেই মিয়ামি গোলের সুযোগ তৈরি করতে থাকে। খেলার ২৩ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের হাত লেগে বল গোলপোস্টের ভেতরে যাওয়ার আগে থেমে যায়, আর তাতেই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকেই প্রথম গোল করেন সুয়ারেজ। গোলের পর খেলা আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ঘটে বড় ঘটনা। রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। বাধ্য হয়ে বাকি ম্যাচে দলকে সামলাতে হয় সহকারী কোচ লেয়ান্দ্রো স্টিলিতানোকে।

দ্বিতীয়ার্ধে মেসিহীন মিয়ামি কিছুটা চাপে পড়ে যায়। এরই মধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়া গোল করে টাইগ্রেসকে সমতায় ফেরান। মেসিকে ছাড়া দলকে যখন হারের শঙ্কায় দেখা যাচ্ছিল, তখন শেষ মুহূর্তে আবারও পেনাল্টির সুযোগ পায় মিয়ামি। ৮৯ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়বারের মতো গোল করেন লুইস সুয়ারেজ। তার গোলেই জয় নিশ্চিত হয় দলের। যোগ করা সময়ে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল টাইগ্রেস। এদগার লোপেজের শট একবার পোস্টে লেগে ফিরে আসে, এরপর রিবাউন্ডেও আবার পোস্টে আঘাত হেনে বাইরে চলে যায়। ফলে অল্পের জন্য হাতছাড়া হয় সমতার সুযোগ।

খেলার সময় মিয়ামির আরেক অভিজ্ঞ তারকা জর্দি আলবা চোট পেয়ে মাঠ ছাড়েন। এ দৃশ্য গ্যালারিতে বসে থাকা মেসিকেও উদ্বিগ্ন করে তোলে। ক্যামেরায় ধরা পড়ে তার চিন্তিত মুখ। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সুয়ারেজের নৈপুণ্যে জয় নিশ্চিত হওয়ায় মেসির মুখেও ফুটে ওঠে স্বস্তির হাসি।

এই জয়ের ফলে লিগস কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিয়ামি ও অরল্যান্ডো সিটি। মাত্র দুই সপ্তাহ আগে লিগ ম্যাচে অরল্যান্ডোর কাছে ৪-১ গোলে হেরে গিয়েছিল মিয়ামি। এবার সেই হারের প্রতিশোধের সুযোগ পেতে যাচ্ছে মেসি ও মাসচেরানোর দল। সবকিছু মিলিয়ে সেমিফাইনালের লড়াইকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত