প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগ থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জিও নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে, জানিয়েছে যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, তা প্রমাণের অভাবে প্রমাণিত হয়নি।
হায়দার আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে গত আগস্টের শুরুতে। ম্যানচেস্টারের একটি হোটেলে এক ব্রিটিশ-পাকিস্তানি নারী তাকে যৌন নির্যাতনের অভিযোগ করে। অভিযোগের পর তাকে কেন্টের স্পিটফায়ার কাউন্টি গ্রাউন্ড থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল।
তদন্তে দেখা যায়, ২৩ জুলাই হায়দার আলীর প্রথম দেখা ওই নারীর সঙ্গে ম্যানচেস্টারে হয়। এরপর ১ আগস্ট তারা আবার অ্যাশফোর্ড এলাকায় মিলিত হন। ৪ আগস্ট নারী অভিযোগ দায়ের করলে পুলিশ হায়দারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি জামিনে মুক্ত হন, তবে মামলার কাজ চলাকালীন যুক্তরাজ্যে অবস্থান করতে বাধ্য ছিলেন।
হায়দার আলীকে আইনি সহায়তা দিয়েছেন ব্যারিস্টার মঈন খান। পিসিবি জানিয়েছে, খেলোয়াড় কল্যাণ নীতি অনুযায়ী তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হয়েছে। যদিও তাকে নির্দোষ ঘোষণার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
২০২০ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হওয়া হায়দার আলী এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তার অব্যাহতি পাকিস্তানি ক্রিকেট ও সমর্থক সমাজে স্বস্তি বয়ে এনেছে।









