প্রকাশ : ১১ জুলাই ২০২৫ । নিজস্ব সংবাদদাতা
একটি বাংলাদেশ অনলাইন
যখন দেশের ক্রিকেট ভক্তরা শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ব্যর্থতায় হতাশ, তখন নতুন স্বপ্ন দেখাচ্ছে দেশের নারী ফুটবল। লঙ্কানদের মাটিতে যেখানে মিরাজ-শান্তরা একের পর এক হারের বৃত্তে বন্দি, সেখানে স্বপ্নের মতো জয়ে আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকা উড়াচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল। নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে আফঈদা খন্দকারদের দল, যা শুধু বড় জয়ের পরিসংখ্যান নয়—বরং দেশের নারী ফুটবলের ক্রমোন্নতিরই নতুন প্রমাণ।
দারুণ এই জয়ে ম্যাচের নায়িকা হয়ে উঠেছেন মোছাম্মৎ সাগরিকা। হ্যাটট্রিক করে তিনি জয়ের আনন্দে যোগ করেছেন আলাদা উল্লাস। শুরুটা হয়েছিল স্বপ্না রানীর অসাধারণ ফ্রি কিক গোল দিয়ে। খেলার মাত্র পঞ্চম মিনিটেই মুনকি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ ভাগে সাগরিকার গোল দলের আত্মবিশ্বাস আরও দৃঢ় করে তোলে। যদিও প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, তবে বিরতির পর আর কোনো ভুলের জায়গা রাখেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে লঙ্কান রক্ষণদুর্গ যেন বারবার ভেঙেই পড়েছে বাংলাদেশের ধারাবাহিক আক্রমণে। একের পর এক আক্রমণ আর সাগরিকাদের ক্ষিপ্রতায় প্রতিপক্ষ রক্ষণদুর্গে দেখা গেছে অসহায়ত্ব। এক পর্যায়ে শ্রীলঙ্কার খেলোয়াড়রা প্রায় দাঁড়িয়ে পড়ার মতো অবস্থায় পড়ে। ৯০ মিনিটের লড়াইয়ে লঙ্কানদের একমাত্র সান্ত্বনা ছিল ম্যাচের একদম শেষ মুহূর্তের একটি গোল। তাতে পরাজয়ের ব্যবধান কিছুটা কমেছে ঠিকই, তবে লঙ্কানদের ক্ষত শুকানোর মতো কোনো সুযোগ রাখেনি বাংলাদেশের মেয়েরা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ফুটবল দলে যে নবজাগরণ চলছে, এই জয়ে সেটাই আরও স্পষ্ট হয়ে উঠেছে। সাফের মঞ্চে হ্যাটট্রিক, বড় জয় আর শূন্য হতাশার গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে মেয়েরা—যেখানে প্রত্যাশা তৈরি হচ্ছে নতুন দিনের। যখন ক্রিকেটে হারের বৃত্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গন খুঁজছে বিকল্প সাফল্যের গল্প, তখন নারী ফুটবলই যেন ভরসার বাতিঘর হয়ে উঠেছে।
দেশের নারী ফুটবল ফেডারেশনের দায়িত্বশীলরা মনে করছেন, এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হলে প্রয়োজন আরও পৃষ্ঠপোষকতা ও পেশাদার প্রস্তুতি। সাফল্যের মুকুট যেন কেবল সাফেই সীমাবদ্ধ না থাকে, সেই স্বপ্নই এখন বুনছে দেশের ক্রীড়ামোদীরা।
এই ম্যাচটি প্রমাণ করল—দক্ষতা, মনোবল আর সংগঠিত প্র্যাকটিস থাকলে দেশের নারী খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো প্রতিপক্ষকে চমকে দিতে পারে। একসময়ের পিছিয়ে পড়া নারী ফুটবল আজ এগিয়ে যাচ্ছে নতুন দিগন্ত ছোঁয়ার প্রত্যয়ে। এখন শুধু প্রয়োজন, এই অগ্রযাত্রাকে পাড়ি দিতে দেওয়া—সমাজ ও প্রশাসনের সক্রিয় সহায়তায়।
একটি বাংলাদেশ অনলাইন