প্রকাশ: ১৭ জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। ২০১২ সালের পর প্রথমবার এমন পারফরম্যান্স দেখা গিয়েছিল তাঁর পা থেকে। কিন্তু সেই দুরন্ত যাত্রা হঠাৎ করেই থেমে গেল সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলের বড় হারে। এ হারে একটানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল মেসির মায়ামি। ম্যাচটি শুধুই হারের নয়, বরং একরকম ধাক্কাও বটে—যেখানে মেসি ছিলেন নিজের ছায়া, আর দল যেন ভুলে গিয়েছিল তাদের গত ম্যাচগুলোর দুরন্ত ছন্দ।
এই ম্যাচে একদিকে মেসির গোলশূন্যতার দিন, অন্যদিকে সিনসিনাটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দারের ঝলক। মায়ামির জালে জোড়া গোল করে টানা পাঁচ ম্যাচে গোল করার নজির গড়লেন ইভান্দার। লিগে তাঁর গোলসংখ্যা এখন ১৫। দ্বিতীয়ার্ধের ৫০ ও ৭০ মিনিটে পরপর দুই গোল করে কার্যত ম্যাচের ফলাফল নিশ্চিত করেন তিনি। এর আগে, ম্যাচের ১৬ মিনিটে সিনসিনাটির পক্ষে প্রথম গোলটি করেন মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা।
গোলপোস্টের দিকে মায়ামির ছিল মাত্র দুটি অনিয়ন্ত্রিত শট, যার কোনোটিই লক্ষ্যভেদে সফল হয়নি। সিনসিনাটির রক্ষণভাগ এতটাই দৃঢ় ছিল যে, আক্রমণে ধারই খুঁজে পাওয়া যায়নি মেসিদের মধ্যে। প্রথমার্ধের শেষদিকে দুটি সম্ভাব্য গোলের সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু একটিকে লুকাস এঙ্গেল ব্লক করেন, অন্যটি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রোমান চেলেনতানো। এমন একটা দিন যেখানে মেসির মতো মহাতারকাও অসহায়!
ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। তিনি বলেছেন, “আজকের ম্যাচের ফল আমাদের কাছে হতাশাজনক। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তারা পুরো ম্যাচে আমাদের চাপে রেখেছে, আমাদের সহজেই হারিয়ে দিয়েছে।” ক্লান্তির কথা স্বীকার করে তিনি আরও যোগ করেন, “আমরা প্রতিপক্ষের তুলনায় স্পষ্টতই পিছিয়ে ছিলাম। শারীরিক ক্লান্তিও বড় কারণ, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।”
এই হারে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেছে মায়ামি। এখন তাদের পয়েন্ট ৩৮। তালিকার শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে পিছিয়ে রয়েছে ৮ পয়েন্টে। তবে আশার কথা, মায়ামি তালিকায় তাদের উপরের চারটি দলের চেয়ে তিনটি করে ম্যাচ কম খেলেছে। এই তিন ম্যাচে জিতে গেলে মেসির দল ফের উঠে যেতে পারে সবার ওপরে।
মেসির পরবর্তী মিশন আগামী শনিবার, প্রতিপক্ষ নিউইয়র্ক রেড বুলস। ওই ম্যাচে কি ফের জ্বলে উঠবেন বিশ্বচ্যাম্পিয়ন? তা সময়ই বলে দেবে। তবে এক জয়ের ক্ষুধা এখন দলের প্রত্যেক সদস্যের চোখে মুখে স্পষ্ট। মায়ামির জন্য এই হারের জবাব দিতে পরের ম্যাচই হতে যাচ্ছে বড় এক মঞ্চ।








