ঢাকায় অঞ্চলভিত্তিক চলবে ব্যাটারিচালিত রিকশা

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আওতায় ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা সংশ্লিষ্ট এলাকার মধ্যেই চলাচলের ব্যবস্থা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সম্প্রতি নগর ভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে। রিকশা ব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে এগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা এদিক-সেদিক, এমনকি উল্টো দিকেও চলাচল করছে। অনেক চালক ট্রাফিক আইন ও চলাচলের শৃঙ্খলা মানছেন না। ফলে নগরীর বিভিন্ন সড়কে যানজট আরও বাড়ছে।

আব্দুস সালাম বলেন, রিকশার সমস্যার উৎস চিহ্নিত করে এর সমাধান করতে হবে। এ সমস্যা সমাধানের দায়িত্বও সিটি কর্পোরেশনের।

তিনি জানান, বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় আসছেন। তাদের কেউ রিকশা চালাচ্ছেন, আবার কেউ ভ্যান নিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করছেন। অনিয়ন্ত্রিতভাবে ঢাকামুখী মানুষের প্রবেশ নগরের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

ডিএসসিসি প্রশাসকের ভাষ্য, গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা ঢাকায় প্রবেশের প্রবণতা বেড়েছে। এসব রিকশাকে একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অঞ্চলভিত্তিক ব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, ডেমরার কোনো রিকশা নিউ মার্কেট এলাকায় যেতে পারবে না। প্রয়োজনে অঞ্চল ভাগ করার পাশাপাশি দিন ও নির্দিষ্ট সড়কও ভাগ করে দেওয়া হবে। কিছু সড়কে রিকশা চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে।

তিনি আরও জানান, লাইসেন্স ছাড়া কেউ ঢাকায় রিকশা চালাতে পারবেন না। কেরানীগঞ্জ বা ডেমরা থেকে রিকশা নিয়ে অন্য এলাকায় গিয়ে চলাচলের সুযোগও থাকবে না। একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার রিকশাও নির্বিচারে দক্ষিণ সিটি এলাকায় চলাচল করতে পারবে না।

তবে নতুন ব্যবস্থা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রণয়নের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আইন প্রণয়ন করে সিটি কর্পোরেশনের কাছে পাঠানোর পর তা বাস্তবায়ন করা হবে।

রিকশার পাশাপাশি বাস চলাচলেও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঈদের আগে যত্রতত্র বাস থামানো এবং যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন বাস থামানো ও যাত্রী ওঠানোর জন্য নির্দিষ্ট ব্যবস্থা চালুর চেষ্টা চলছে।

আব্দুস সালাম বলেন, পরিবহণ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাদের কিছু সময় দেওয়া হয়েছে। কয়েক মাসের মধ্যে পরিবহণ ব্যবস্থাকে আরও নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার আশা করা হচ্ছে।

এদিকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে।

প্রতিমন্ত্রীর মতে, নীতিমালাটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধনের মাধ্যমে স্থানীয় সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

এ লক্ষ্যে বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করার পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন >> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত