৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯ বার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। সাংবিধানিক নিয়ম অনুযায়ী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোট গ্রহণ ও গণনা শেষে আজই নির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী ভোটের মাধ্যমেই নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে।

১৯৯১ সালে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে একক প্রার্থী থাকায় ভোট ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। দীর্ঘ বিরতির পর এবার আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে নির্বাচনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রায় তিন যুগ পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার কিছু ঘাটতি থাকলেও নির্বাচন কমিশন সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচন বাংলাদেশের জন্য ঐতিহাসিক। সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন বাড়তি গুরুত্ব বহন করছে।

ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাঁদের মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্যও রয়েছেন।

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করায় ওই আসনটি বর্তমানে শূন্য। ফলে ৩৫০ আসনের সংসদে একজন সদস্য না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্য সংখ্যা ৯০। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকও ডাকা হয়েছে। আজ বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সদস্যদের অবহিত করা হবে।

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নৈতিকস্খলনের অভিযোগে বহিষ্কৃত হওয়ায় তাঁকে বৈঠকে ডাকা হয়নি। এ ছাড়া তিনজন বিরোধীদলীয় সংসদ সদস্য বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

যেভাবে নির্বাচনের পথে এল দেশ

গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এর পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে।

তপশিল অনুযায়ী গত ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত কর্নেল (অব.) অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

একাধিক প্রার্থী থাকায় আজ সংসদে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচনের ফল নির্ধারিত হবে।

সরাসরি সম্প্রচার হবে ভোট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের কিছু গুরুত্বপূর্ণ অংশ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিইসি জানিয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনার সময়ও সম্প্রচার চালু থাকবে।

তবে কোনো সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা প্রকাশ করা হবে না। ব্যালটে ভোটারের নাম এবং প্রার্থীদের নাম থাকবে বলে জানিয়েছেন সিইসি।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন ২০ জন সহায়ক কর্মকর্তাও নিয়োগ দিয়েছে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ এসব কর্মকর্তা সংসদ কক্ষে নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা দেবেন।

আগামীকাল বঙ্গভবনে শপথ

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ছয়টি কমিটি গঠন করেছে।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। দেশি-বিদেশি প্রায় ১২০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে।

সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করবেন।

রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া তাই দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত