সালথায় সংঘর্ষের মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১২ বার

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আমিন খন্দকার (৪৫)। তিনি উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে কৃষক লীগ নেতা আমিন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন তিনি।

পুলিশ জানায়, আমিন খন্দকার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা। জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাস ও মিশরু মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে কয়েকজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষের পর দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি হামলা চালিয়ে অন্তত আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত