২০ আগস্ট ২০২৫| নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশে কর্মসংস্থান প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে চালু হলো নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম “ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)”। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় তৈরি এই প্ল্যাটফর্মটি বিনামূল্যে সেবা প্রদান করবে।
বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক একান্ত সচিব সারওয়ার আলম বলেন, ওইপি একটি সমন্বিত অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী কর্মী, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশি মিশন এবং বাংলাদেশ মাইগ্রেশন ও এমপ্লয়মেন্ট ট্রেনিং ব্যুরো (বিএমইটি) সহজেই একসঙ্গে কাজ করতে পারবে।
সরকারের এই উদ্যোগের ফলে এখন শতভাগ অনলাইনে সরাসরি বহির্গমন ছাড়পত্র দেওয়া হচ্ছে। ফলে বিদেশগামী কর্মীরা দ্রুত সময়ের মধ্যে এবং কম খরচে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহ করতে পারছেন। এতে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বৃহত্তর ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও)-এর মাধ্যমে বহির্গমন ছাড়পত্র প্রদানের প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ করার উদ্যোগও নেওয়া হয়েছে। এর ফলে কর্মীরা নিজ জেলার অফিস থেকেই সহজে সেবা গ্রহণ করতে পারবেন, রাজধানীতে আসার প্রয়োজন হবে না।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ওইপি প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমার পাশাপাশি অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সরকার আশা করছে, এ উদ্যোগ প্রবাসী কর্মীদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত করবে এবং দেশের রেমিট্যান্স আয়ের ধারাকে আরও শক্তিশালী করবে।