প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। খুলনা প্রেস ক্লাবে বুধবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, গোপালগঞ্জে সংগঠিত সহিংস ঘটনার প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সারাদেশে রাজপথে নামবে এনসিপি। একইসঙ্গে হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেফতার এবং বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গোপালগঞ্জে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচির বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছিল এবং প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু সরকারের ছত্রচ্ছায়ায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং উগ্র মুজিববাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙে আমরা দেখিয়ে দিয়েছি, আওয়ামী লীগের বাইরেও অন্য কোনো দল সেখানে রাজনৈতিক কর্মসূচি করতে পারে। এনসিপি সেটি করে দেখিয়েছে। এতে প্রমাণিত হয়েছে, রাজনৈতিক মাঠ একক কারো নয়।”
তিনি অভিযোগ করেন, সমাবেশের আগে ও পরে কয়েক দফায় দলীয় নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালানো হয়। এসব হামলা ছিল পূর্বপরিকল্পিত। তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আরও সতর্ক থাকত, তাহলে হয়তো এই ধরনের হামলা রোধ করা সম্ভব হতো। তবে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকায় আমরা কৃতজ্ঞ।”
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অন্যথায় এনসিপি আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও ইঙ্গিত দেন তিনি।
এনসিপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে পূর্বঘোষিত পদযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশের আগে ও পরে এনসিপি নেতাদের ওপর হামলা চালায় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনায় পৌঁছে ঘটনাটির বিরুদ্ধে অবস্থান নেন এবং প্রতিবাদ জানান।
এনসিপির এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রশাসন সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।