ফিফা জরিমানা দিল ইসরায়েলকে, মানবিক আচরণের জন্য নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২ বার
ফিফা জরিমানা দিল ইসরায়েলকে

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন (পিএফএ)-এর অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-কে শাস্তি দিয়েছে ফিফা। ২০২৪ সালে পিএফএ ফিফার কাছে অভিযোগ করেছিল, ইসরায়েল ফিলিস্তিনি দলগুলোকে বৈষম্যমূলক আচরণ করছে এবং তাদের ভূখণ্ডে অবস্থিত দলগুলোর খেলাকে নিজেদের জাতীয় লিগে অন্তর্ভুক্ত করছে। ১৮ মাসের তদন্ত শেষে ফিফার শৃঙ্খলা কমিটি ইসরায়েলকে দোষী সাব্যস্ত করেছে।

ফিফা বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ না করলেও আইএফএ-কে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। ফিফা জানিয়েছে, জরিমানার এক-তৃতীয়াংশ ব্যবহার করতে হবে বৈষম্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন ও পুনরাবৃত্তি রোধে। এই অর্থ দিয়ে ইসরায়েলকে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, যা ফিফার অনুমোদিত হবে এবং পুরো মৌসুম জুড়ে স্টেডিয়াম ও সরকারি মাধ্যমে শিক্ষামূলক প্রচারণা ও সংস্কার কার্যক্রমে ব্যবহার করা হবে।

ফিফার শৃঙ্খলা কমিটি রায়ে বলা হয়েছে, “ফুটবল বৃহত্তর মানবিক প্রেক্ষাপটে পরিচালিত হয়। আমরা এর প্রতি উদাসীন থাকতে পারি না। খেলাটি অবশ্যই শান্তি, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার একটি প্ল্যাটফর্ম হিসেবে থাকতে হবে।”

ফিফা একই সঙ্গে উল্লেখ করেছে, পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনো অনির্ধারিত এবং আন্তর্জাতিক আইন অনুসারে অত্যন্ত জটিল। তাই ফিফা সরাসরি কোনো রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেনি। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কেবল ফুটবলের মানবিক ও শৃঙ্খলা-সংক্রান্ত মান বজায় রাখার জন্য।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উল্লেখ করেছেন, “ভূরাজনৈতিক সংঘাত সমাধান করা ফিফার পক্ষে সম্ভব নয়। তবে চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্তদের কথা ভেবে আমরা ফুটবল ও বিশ্বকাপের শক্তিকে শান্তি স্থাপনায় কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ফিলিস্তিনি ফুটবল কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, ইসরায়েল তাদের জাতীয় লিগে দলগুলোকে অন্তর্ভুক্ত করার সুযোগ দিয়ে ফিফার নিয়ম ভঙ্গ করছে। ফিফা জানিয়েছে, জরিমানার মাধ্যমে মানবিক আচরণ ও বৈষম্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এর পুনরাবৃত্তি রোধে আইএফএকে তদারকি ও শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে হবে।

ফিফার সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের জন্য এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। এটি ফুটবলের মাধ্যমে মানবিক নীতি, সমতা ও শান্তিপূর্ণ আচরণের গুরুত্বের ওপর জোর দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত