তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনীতিতে জনতার ‘ভূমিকম্প’: বরকতউল্লাহ বুলু

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার
১৭ বছর পর নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ । নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ অনলাইন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু রোববার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বাংলাদেশের আগামী দিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তারেক রহমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “তারেক রহমান যেদিন দেশে আসবেন, সেদিন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনতার মধ্যে এমন এক ভূমিকম্প সৃষ্টি হবে যা সহজে ভোলা যাবে না।”

বরকতউল্লাহ বুলু তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের চাকরির সুযোগ সৃষ্টি করার কারণে তাকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। জিয়ার পরিবার স্বাধীনতার সার্বভৌমত্বের অঙ্গপ্রত্যঙ্গ হিসেবে দেশের ইতিহাসে অমর। তিনি যোগ করেন, বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানও একইভাবে দেশের ভবিষ্যতের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

পিআর পদ্ধতি প্রসঙ্গে বরকতউল্লাহ বুলু মন্তব্য করেন, “পিআর খায় না, পিআর গায়ে মাখে। এই পদ্ধতি জনগণের জন্য গ্রহণযোগ্য নয়। জনগণ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হোক। পিআর দিয়ে নির্বাচনের ফলাফল সম্ভব নয়। তাই নির্বাচনের নির্দিষ্ট সময়মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করা অত্যাবশ্যক।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের সময়ে দেশের অর্থনীতি ও সরকারি সম্পদ লুটপাটের শিকার হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং এগুলো ফেরত আনার জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। তাই পিআর পদ্ধতি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোট গ্রহণ করতে হবে।

বরকতউল্লাহ বুলু বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্বীকার করে না এবং দেশের স্বাধীনতার ইতিহাসের প্রতি সম্মান দেখায় না, তাদের ভোট দেওয়ার বা রাজনীতিতে অংশগ্রহণের অধিকার থাকা উচিত নয়। তিনি তৃণমূল নেতাকর্মীদের আহ্বান জানান, কোনও হাইব্রিড নেতা যেন বিএনপির নেতৃত্বে স্থান না পায়।

সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন জসিম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল।

সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাইফুর আলম ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি পদে হাজী জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক ভূঁইয়া রিপন এবং শাহজাহান সাজুর নাম ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত