প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, নির্বাচনের আগে যে সব বিষয়ে ঐকমত্য গড়ে উঠছে, সেগুলোকে একটি আইনগত কাঠামোর মাধ্যমে নিশ্চিত করতে হবে। তিনি মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে এ মন্তব্য করেন।
জাভেদ রাসিন স্পষ্ট করে বলেন, আলোচনায় হওয়া ঐকমত্যগুলোকে নির্বাচনের আগে আইনগত ভিত্তি দিতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। যদিও তাদের দল এ বিষয়ে মৌখিকভাবে অবস্থান জানিয়ে এসেছে, প্রয়োজন হলে লিখিতেও জানানো হবে।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও সেসব নিয়ে আলোচনা না করে হঠাৎ ‘জুলাই সনদের’ খসড়া প্রকাশ করেছে, যা তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আমরা এর তীব্র বিরোধিতা করছি। আলোচনা পদ্ধতি না মেনে খসড়া প্রকাশ করা আমরা মেনে নিতে পারি না।’
তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আলোচনায় ‘র্যাংক চয়েস’ পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলে। এই পদ্ধতির আওতায় বিচার বিভাগ থেকে দুই জন সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন। এ প্রস্তাবে তারা একমত হয়েছে এবং প্রায় সব রাজনৈতিক দলও একমত, শুধু বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া।
জাভেদ রাসিন জানান, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, মৌলিক সংস্কার ছাড়া ‘ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়’। এসব সংস্কার বাস্তবায়ন না হলে ‘জুলাই সনদে’ সই করার বিষয়টি দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আবারও বলেন, ‘আমাদের স্পষ্ট অবস্থান হলো, আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়া হলে আমরা তা গ্রহণ করব না।’