মা হিসেবে তাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না’

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার
মা হিসেবে তাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না’

প্রকাশ: ১৪ অগাস্ট’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বিশ্ববিখ্যাত পপ তারকা ম্যাডোনা আবারও ফিলিস্তিনের গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে সরব হয়েছেন। এ বার তিনি সরাসরি পোপ চতুর্দশ লিও’র প্রতি আহ্বান জানিয়ে গাজায় গিয়ে শিশুদের রক্ষায় উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ম্যাডোনা লিখেছেন, “বেশি দেরি হওয়ার আগেই আপনি দয়া করে গাজায় যান; শিশুদের কাছে আপনার আলো পৌঁছে দিন। একজন মা হিসেবে তাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। শিশুদের প্রতি বিশ্বের সবারই দায়িত্ব রয়েছে।”

পোপকে উদ্দেশ করে তিনি আরও উল্লেখ করেন, “আমাদের মধ্যে আপনিই একমাত্র মানুষ, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া সম্ভব নয়। আমাদের হৃদয়ের দরজা খুলতে হবে, যেন শিশুদের জীবন বাঁচানো যায়।” তিনি তাগিদ দিয়ে বলেন, “আর সময় নেই। দয়া করে বলুন, আপনি যাবেন। ভালোবাসা রইল—ম্যাডোনা।” তার এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে। বুধবার দুপুর পর্যন্ত এটি ৩ লাখ ২৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং সাড়ে ১৫ হাজার মন্তব্য সংগ্রহ করেছে।

ম্যাডোনার এই আহ্বান এসেছে এমন এক সময়ে, যখন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান যৌথভাবে গাজা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে এটি ম্যাডোনার প্রথম অবস্থান নয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই তিনি প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। এর আগেও একাধিক কনসার্টে আবেগঘন ভাষণে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান।

২০২৩ সালে লন্ডনে এক পারফরম্যান্সে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, “শিশুদের কষ্ট, তরুণদের কষ্ট, বয়স্কদের কষ্ট—সবকিছু হৃদয়বিদারক। তবে আমাদের মনোবল ভাঙা যাবে না।” তিনি বিশ্বাস করেন, শক্তি ও ভালোবাসা একত্রিত হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এছাড়া ছেলের জন্মদিন উপলক্ষে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “গাজায় যদি নির্দোষ শিশুদের বাঁচানো যেত, তবে সেটাই হতো মা হিসেবে আমার সন্তানের জন্য দেওয়া সবচেয়ে বড় উপহার।”

মানবিক সহায়তার ডাক দিয়ে ম্যাডোনা ভক্তদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমি কাউকে দোষারোপ করছি না বা পক্ষ নিচ্ছি না। সবাই কষ্টে আছে। এমনকি অপহৃতদের মায়েরাও। আমি প্রার্থনা করি, তারা যেন শিগগিরই মুক্তি পান।”

সংগীত জগতের এই কিংবদন্তি শিল্পীর এমন সরব অবস্থান বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিল—মানবিকতার প্রশ্নে নীরব থাকার কোনো সুযোগ নেই, বিশেষ করে যখন নিরীহ শিশুদের জীবন ঝুঁকির মুখে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত

Theme Dwonload From ThemesBazar.Com