২২ বছরের অপেক্ষার অবসান: ভারতের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার

এশিয়ান কাপ বাছাইয়ের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা এলো। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১–০ গোলে হারিয়ে ২২ বছরের জ্বালা মুছে ফেলেছে বাংলাদেশ। ম্যাচের একাদশ মিনিটেই শেখ মোরসালিনের ক্ষিপ্র টোকায় এগিয়ে যায় লাল–সবুজ, আর সেই এক গোলই লিখে দেয় ইতিহাস।

গোল না পেলেও পুরো ম্যাচে যেন একাই যুদ্ধ করেছেন হামজা দেওয়ান চৌধুরী। মাঝমাঠ থেকে রক্ষণ—যেখানেই ভারতের আক্রমণ, সেখানেই ছিলেন হামজা। তার দৃঢ় ডিফেন্সই বারবার রক্ষা করেছে বাংলাদেশকে। বিশেষ করে ৩১ মিনিটে মিতুল মারমার ভুলে ফাঁকা পোস্টের সামনে এসে যাওয়া লালিয়ানজুয়ালার শটটি অবিশ্বাস্য হেডে ক্লিয়ার করে দলকে বাঁচান তিনি।

ম্যাচে উত্তেজনার আগুনও কম ছিল না। ৩৪তম মিনিটে তপু ও বিক্রমের সংঘর্ষে দুদলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি তৈরি হয়, রেফারি দুজনকেই দেখান হলুদ কার্ড। প্রথমার্ধের শেষ দিকে আরেকবার গোলের কাছাকাছি গিয়েছিলেন হামজা—তার শট অল্পের জন্য পোস্ট মিস করলে হতাশ হয় দর্শক।

বিরতির পর ভারত ঝাঁপিয়ে পড়ে আক্রমণে। বাংলাদেশ তখন পা রাখে রক্ষণাত্মক কৌশলে। একের পর এক আক্রমণ ঠেকিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে ম্যাচের শেষদিকে। বদলি হিসেবে নামা তাজ উদ্দিন আর ইমনের দৌড়ঝাঁপও সাহায্য করেছে ম্যাচের গতি ধরে রাখতে। ৭৯তম মিনিটে শাকিল তপুর সামনে ছিল গোলের সুযোগ, কিন্তু তার শট সরাসরি ভারতীয় গোলরক্ষকের হাতে জমা পড়ে।

অবশেষে শেষ বাঁশি। ২২ বছরের অপেক্ষা শেষ। ভারতের বিপক্ষে আবারও জয়ের স্বাদ পেল বাংলাদেশ—২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর রহমান মুন্নার সেই গোল্ডেন গোলের পর প্রথমবার।

জাতীয় স্টেডিয়াম তখন উত্তাল। লাল–সবুজের জয়ে যেন উচ্ছ্বাসে নেচে উঠেছে পুরো দেশ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত

Theme Dwonload From ThemesBazar.Com