প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে অনলাইন অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। তাদের দাবি অনুযায়ী, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ আলমগীর শেখ নামে পরিচিত।
দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে, আলমগীর নিয়মিতভাবে তার ফেসবুক পোস্টে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ের জিওট্যাগ ব্যবহার করতেন। তার প্রোফাইলে থাকা একাধিক ছবির সঙ্গে হাদির নির্বাচনি গণসংযোগের সময় তোলা ছবির তুলনামূলক বিশ্লেষণ করে এই পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনি প্রচারণায় আলমগীর উপস্থিত ছিলেন। সেই সময় তোলা ছবিতে তার মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যায়। পরে ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল এলাকায় হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এক ব্যক্তি এবং কালো ব্লেজার ও মাস্ক পরা আরেকজন অংশ নেন। গণসংযোগ শেষের পর এই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গিয়ে হাদির ওপর গুলি চালায়।
ইতোমধ্যে গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করা হয়েছে। অনুসন্ধানে বলা হয়েছে, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তি, যার গলায় একটি চাদর ঝুলছিল। যদিও সিসিটিভি ফুটেজে তার মুখ পরিষ্কারভাবে দেখা যায়নি, তবে দ্য ডিসেন্টের বিশ্লেষণে শারীরিক গড়ন, উচ্চতা, গায়ের রং, চুলের কাটিং, হাতের গড়ন এবং চোখের ভ্রুর গঠন আলমগীরের সঙ্গে মিলেছে।
এদিকে, আলমগীরের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও নানা তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। তাদের দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক প্রমাণ মিলেছে এবং বিস্তারিত যাচাই শেষে এসব তথ্য প্রকাশ করা হবে।
এই নতুন তথ্য প্রকাশের পর হাদি গুলিকাণ্ডের তদন্তে আরও অগ্রগতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে হামলার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা জোরদার করেছে।