ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বাতাসে স্বস্তির নিঃশ্বাস : জাতীয় প্রেস ক্লাবে হাসান হাফিজের প্রত্যয়

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৩ বার
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বাতাসে স্বস্তির নিঃশ্বাস : জাতীয় প্রেস ক্লাবে হাসান হাফিজের প্রত্যয়

প্রকাশ: ১৮ জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

ফ্যাসিবাদের অন্ধকার অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ যে মুক্ত ও স্বাধীন চিন্তার পথে এগিয়ে চলেছে—এই অর্জনকে জাতির রক্তের বিনিময়ে পাওয়া বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের কৈট্রায় প্রশিকার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক কর্মশালার প্রথম দিনে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এই বক্তব্য দেন।

হাসান হাফিজ বলেন, “আজ আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বসবাস করছি। দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক মানবাধিকার পর্যন্ত হরণ করা হয়েছিল। যারা এই অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাঁদের রক্ত ও ত্যাগের ফসল আজকের এই স্বাধীন পরিবেশ।” তিনি আরও বলেন, “আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি, মুক্তভাবে কথা বলতে পারছি—এটি একটি নতুন সূর্যোদয়।”

তিনি সতর্ক করে দিয়ে বলেন, “নির্বাচনের প্রাক্কালে দেশকে অস্থিতিশীল করতে একাধিক চক্রান্ত মাথাচাড়া দিয়ে উঠছে। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও ঢাকায় পাথর নিক্ষেপে মানুষের মৃত্যুর মতো ঘটনা নিছক বিচ্ছিন্ন কিছু নয়—বরং এগুলোর পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র কাজ করছে। দেশি-বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রশিকা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এক সময় রাজনীতির সঙ্গে অপ্রাসঙ্গিক জড়িত থাকার কারণে প্রশিকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল। তবে এখন আপনারা সেই সংকট কাটিয়ে উঠেছেন, আবারও জনগণের আস্থা অর্জন করেছেন। আমরা চাই, আপনারা আগামীতেও একটি স্বচ্ছ, সৎ ও ক্লিন এনজিও হিসেবে নিজেদের গড়ে তুলুন।”

অনুষ্ঠানটির উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান, কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর মো. আব্দুস সামাদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এবং প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। এছাড়া উপপ্রধান নির্বাহী কামরুল হাসান কামাল ও আব্দুল হাকিম, সিএফও শক্তি পদ চক্রবর্তী এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রশিকার চেয়ারপারসন মিজ রোকেয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিকার ভবিষ্যৎ কর্মপন্থা, সুশাসন ও আর্থিক স্বচ্ছতা বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানজুড়ে প্রশিকার বিভিন্ন কর্মসূচি ও সামাজিক উন্নয়নে অবদানের চিত্র উপস্থাপিত হয়।

এই কর্মশালা প্রশিকার পুর্নবিন্যাস ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত