জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে কাজ করছে বিএনপি সরকার

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে সোমবার তিনি এসব কথা বলেন। আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

তারেক রহমান বলেন, বিএনপির ৪৮ বছরের সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ইতিহাস দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে তিনি উল্লেখ করেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার ভাষ্য অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার ফিরিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয় বলে তিনি দাবি করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারেক রহমান। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তিনি। তারেক রহমান বলেন, সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্বের মাধ্যমে খালেদা জিয়া বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।

তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। দেশে যখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা গণতন্ত্রকামী মানুষের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন।

বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদানের কথাও স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, দেশের জনগণ যখনই অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে বিএনপি সরকারের আমলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, গণতন্ত্র সমুন্নত রাখা ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বিএনপির বিভিন্ন উদ্যোগের কারণে দলটি দেশবাসীর কাছে জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের আস্থার প্রতিদান দিতে চায়।

তিনি বলেন, বাংলাদেশকে জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য। জনগণের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য এই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস। তার মতে, বিএনপির রাজনৈতিক দর্শনের মূল লক্ষ্য একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে আবারও শুভেচ্ছা জানান এবং দলের নেতা-কর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দেশসেবায় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত