ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুরে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান আকিব ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের বাবা আনিছুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আকিব আর বাড়িতে ফেরেননি। বুধবার ভোর ৫টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ফোন করে জানানো হয়, তার ছেলে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে।

হাসপাতালে গিয়ে আনিছুর রহমান দেখতে পান, আকিবকে সংকটাপন্ন অবস্থায় একটি বেডে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায়, ভোরে কোনো ব্যক্তি আকিবকে অসুস্থ অবস্থায় সেখানে রেখে যায়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আকিবকে রাজশাহীর দিকে নেওয়া হয়। পথে লালপুর এলাকায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকিবের বাবা বলেন, তার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে মারধর করে এমন অবস্থায় হাসপাতালে রেখে গেছে, সে বিষয়ে তারা কিছুই বুঝতে পারছেন না।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ সাবিয়া মরিয়ম বলেন, গুরুতর আহত অবস্থায় আকিবকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, বুধবার ভোরে কোনো অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত অবস্থায় আকিবকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। পরে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ আকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি জানান, প্রাথমিক তদন্তে আকিবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগ এবং ময়নাতদন্তের প্রতিবেদন বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কারা আকিবকে মারধর করেছে বা কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত