রেজাউল করীমের দাবি: আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার
রেজাউল করীমের দাবি: আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে

২০ আগস্ট ২০২৫|  নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জুলাই মাসে ছাত্র-জনতা যে জীবন ও রক্ত উৎসর্গ করেছে, তা কেবল বর্তমান সরকারের উৎখাতের জন্য নয়, বরং বাংলাদেশে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের জন্যও ছিল। তিনি বলেন, “তারা রাজপথে নেমেছিল অন্যায়, খুন-খারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে।”

তিনি আরও বলেন, “যদি কোনো অশুভচক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচনে ঘোষণা দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার করে বলছি—রাজপথে ছাড়ি নাই। যতদিন পর্যন্ত দেশের আইন-শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্খিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে—ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না; হতে দেওয়া হবে না।”

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জনমত গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব জেলায় গণসমাবেশ ও মিছিল আয়োজন করবে। ঢাকায় প্রতি থানায় থানায় গণসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এছাড়া, পিআর পদ্ধতির পক্ষে জনমতকে আরও জোরালো করতে প্রচার সামগ্রী বিতরণ করা হবে।

তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ে আমরা বদ্ধপরিকর। আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের নামে স্বৈরতন্ত্র সহায়ক পুরোনো বন্দোবস্ত ফিরে আসুক তা চাই না। সেজন্য রাজপথের পাশাপাশি সব ধরনের সংগ্রাম চালিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ক্রমান্বয়ে আরো কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হতেও পিছপা হবে না দলটি।”

তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “নিম্নকক্ষে পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে এজেন্ডা তুলুন এবং গণভোট দিন। যারা পিআরের বিরোধিতা করছেন তারা তো মুখে গণতন্ত্রের কথা বলে। তাই জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। কোনো দল বিশেষের কাছে নতিস্বীকার করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেবেন না।”

বুধবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত