ছয় মাসে এক কোটি চাকরির প্রতিশ্রুতি: আজাদ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার
ছয় মাসে এক কোটি চাকরির প্রতিশ্রুতি:আজাদ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন

বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম ছয় মাসেই এক কোটি বেকার যুবকের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। তিনি রবিবার সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন।

সভায় আজাদ অভিযোগ করেন, ক্ষমতাসীন মহল ইতোমধ্যেই বুঝতে পেরেছে তাদের বিজয়ের কোনো নিশ্চয়তা নেই। তিনি দাবি করেন, সরকারি দলের ভেতরকার অনেকে শুধু সরকারি অফিস এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভাগ পাওয়ার সুযোগ পাচ্ছে বলে নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করছে না। তিনি বলেন, নির্বাচনের সম্ভাবনা ভেস্তে দেওয়ার জন্য নানা দাবি ও পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এসব পাঁয়তারা জনগণ বরদাস্ত করবে না এবং বিএনপির নেতাকর্মীরা দেশের সর্বত্র প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরো বলেন, মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে সাময়িক সময়ের জন্য বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। তবে ধীরে ধীরে দেশের মানুষ প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করছে। তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিকে উদ্দেশ্য করে বলেন, যদি দল থাকে তবে দলের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে সামনে আসুন, নির্বাচন নিয়ে প্রস্তুতি নিন। কিন্তু মিথ্যা প্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।

বিএনপি ক্ষমতায় গেলে যে কর্মসূচি গ্রহণ করা হবে তার একটি চিত্র তুলে ধরেন ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ছয় মাসেই এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। এ ছাড়া প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকার সমমূল্যের খাদ্যদ্রব্য বাড়িতে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ব্যবহার করে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের সুবিধা পাওয়া যাবে। তিনি আরও বলেন, কৃষকদের স্বনির্ভর করার লক্ষ্যে কৃষিবান্ধব সরকার গঠন করা হবে।

আজাদের ভাষায়, বিএনপির উদ্দেশ্য পরিষ্কার—দেশের জনগণকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, কৃষক থেকে শুরু করে গ্রামীণ জনপদে প্রতিটি পরিবারকে সচেতন করতে হবে, যাতে তারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়।

কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব শাহজাহান আলম সিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত