দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর ভোটাধিকার সুনিশ্চিত করলো ব্রেইল ব্যালট

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর ভোটাধিকার সুনিশ্চিত করলো ব্রেইল ব্যালট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার সুনিশ্চিত করতে প্রথমবারের মতো চালু করা হয়েছে ব্রেইল ব্যালট ব্যবস্থা। শিক্ষার্থীরা জানিয়েছেন, এই পদক্ষেপ তাদের ভোট প্রদানের প্রক্রিয়াকে আরও স্বতন্ত্র ও গোপনীয় করেছে।

ভোট দিয়ে এক শিক্ষার্থী বলেন, “ভোট দেয়ার বিষয়টি খুবই কনফিডেনশিয়াল হওয়া উচিত। আগে পরিবারের সদস্যরা জেনে যেত আমি কাকে ভোট দিচ্ছি, যা আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করত। কিন্তু এবার ব্রেইল ব্যালট ব্যবহারে কাকে ভোট দিয়েছি তা আমিই একমাত্র জানি। এতে আমার গোপনীয়তা রক্ষা হয়েছে।” তিনি আরও জানান, প্রতিটি ব্যালটের আলাদা সূচিপত্র থাকার কারণে প্রার্থী খুঁজে পাওয়া সহজ হয়েছে এবং ৪১টি ভোট তিনি নিজের পছন্দমতো দিতে পেরেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি ব্যবস্থা রাখা হয়েছে। চাইলে তারা নিয়মিত ব্যালট ব্যবহার করতে পারবেন অন্যের সহায়তায়, আবার চাইলে ব্রেইল ব্যালটের মাধ্যমে নিজের ভোট নিজেই দিতে পারবেন। প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট হলে মোট সাতজন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার রয়েছেন। এর মধ্যে তিনজন ইতিমধ্যেই ব্রেইল ব্যালটে ভোট দিয়েছেন, একজন ম্যানুয়াল ব্যালট ব্যবহার করেছেন, এবং বাকিরা এখনও এই সুযোগ পাবেন।

শিক্ষার্থীরা মনে করছেন, ব্রেইল ব্যালট পদ্ধতি যদি জাতীয় নির্বাচনে চালু করা হয়, তবে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের জন্য ভোটাধিকার প্রয়োগ আরও সহজ ও গোপনীয় হবে।

এদিন সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে অনেকেই ভিড় এড়াতে সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হন।

বর্তমান নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট ২৩৪টি পদে ১ হাজার ৩৫ জন প্রার্থী লড়ছেন। এই নির্বাচন অনুযায়ী প্রতিটি ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।

এবারের ডাকসু নির্বাচনে অন্তত ১০টি প্যানেল অংশগ্রহণ করছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠন ‘প্রতিরোধ পর্ষদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত