ছাত্রীদের ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা, স্বচ্ছতা নিয়ে শঙ্কা

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার
ছাত্রীদের ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা, স্বচ্ছতা নিয়ে শঙ্কা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে শুরু থেকেই নানা অভিযোগ এবং অনিয়মের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরই মধ্যে নতুন করে অভিযোগ উঠেছে ছাত্রীদের ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে। বিশেষ করে পুরুষ সাংবাদিকদের অনেক হলে প্রবেশ করতে না দেওয়ায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রার্থীরা শঙ্কা প্রকাশ করেছেন।

বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও বিভিন্ন হলে গণমাধ্যমকর্মীরা প্রবেশের অনুমতি পাননি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্রী হলে নির্ধারিত সময়ে ভোট শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাওয়া সাংবাদিকদেরও প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এতে করে নির্বাচন প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।

ছাত্রলীগ বিরোধী প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু এ বিষয়ে বলেন, “সাংবাদিকরা যদি ছাত্রীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারেন, তাহলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ব। গণমাধ্যমের উপস্থিতি ছাড়া একটি নির্বাচন স্বচ্ছতা হারাবে।” তার মতে, সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হলে শিক্ষার্থীদের আস্থায়ও ফাটল ধরবে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

প্রার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের প্রবেশাধিকার অস্বীকারের অভিযোগ নাকচ করেন। তিনি বলেন, “ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা দেওয়ার নির্দেশনা নেই। তবে ছাত্রীদের হলে আমরা নারী সাংবাদিকদের প্রবেশে বেশি উৎসাহ দিচ্ছি। পুরুষ সাংবাদিকদের ক্ষেত্রে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে।”

তিনি আরও বলেন, সকালে তিনি স্বয়ং বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং শিগগিরই আবারও পরিদর্শন করবেন। তার আশ্বাস, “যদি স্পষ্টভাবে অভিযোগ পাওয়া যায় যে সাংবাদিকদের বাধা দেওয়া হচ্ছে, তাহলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। আমরা চাই, এই নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হোক।”

তবে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে এখনো উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে প্রবেশ ও পর্যবেক্ষণের সুযোগ না থাকলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব নয়। ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার যে প্রবণতা দেখা দিয়েছে, তা নির্বাচনকে ঘিরে আস্থার সংকট আরও গভীর করতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত