মেসির হাত ধরে শুরু হচ্ছে ‘মেসি কাপ’ অংশ নেবে বার্সেলোনা ও চেলসি সহ ৮ ক্লাব

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার
মেসির হাত ধরে শুরু হচ্ছে ‘মেসি কাপ’, অংশ নেবে বার্সেলোনা ও চেলসি সহ ৮ ক্লাব

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

দক্ষিণ ফ্লোরিডায় ডিসেম্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেসি কাপ’, যার সূচনা করবেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। এই প্রতিযোগিতায় অংশ নেবে ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং চেলসি—মোট আটটি শীর্ষ ক্লাব। টুর্নামেন্ট চলবে ৯ থেকে ১৪ ডিসেম্বর, যেখানে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম এবং ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টার এই আসরের ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।

এই নতুন প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো যুব ফুটবলে আন্তর্জাতিক মানের উদাহরণ স্থাপন করা। তরুণ খেলোয়াড়রা খেলাধুলার মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হবে এবং খেলার বাইরে বিভিন্ন সাংস্কৃতিক ও উদ্ভাবনমূলক কার্যক্রমের সঙ্গে পরিচিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে টুর্নামেন্টের ঘোষণা দিয়ে মেসি বলেন, “ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ যুব ফুটবল টুর্নামেন্ট। এখানে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো। ভবিষ্যতের ফুটবলাররা নিজেদের প্রতিভা প্রদর্শন করবে এবং ম্যাচের বাইরেও থাকবে নানা আকর্ষণ। এটি শুধুই খেলা নয়, এটি পরবর্তী প্রজন্মের জন্য।”

প্রতিযোগিতার কাঠামো অনুযায়ী, আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রথম তিন দিনে রাউন্ড-রবিন পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সেরা দলগুলো প্লে-অফে উঠবে। শেষ দিনে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল। খেলাধুলার বাইরে ফায়না ফোরামেতে অনুষ্ঠিত হবে স্পোর্টস, সংস্কৃতি ও বাণিজ্য খাতের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে একটি সম্মেলন, আর পাও বাই পল কুই-তে হবে আনুষ্ঠানিক মেসি কাপ সামিট পার্টি।

সমর্থকরা অফিসিয়াল ওয়েবসাইট messicup.com থেকে টিকেট কিনে খেলা সরাসরি দেখতে পারবেন। এই টুর্নামেন্টের মাধ্যমে যুব ফুটবলের জন্য নতুন এক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেখানে খেলোয়াড়দের জন্য সুযোগ ও অভিজ্ঞতার নতুন দ্বার উন্মুক্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত