প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | একটি বাংলাদেশ অনলাইন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, “আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যারা মিল রাখবে, তাদেরকেও ফ্যাসিস্ট বলা হবে।” তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ আমাদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রামও করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল।”
সোমবার দুপুর ২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, “বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। যারা তাদের মতো কাজ করবে, তাদেরকেও ফ্যাসিস্ট বলা হবে।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।”
তিনি বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে তার সততা ও আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করত, তাহলে ছাত্রশিবির আজ এতদূর আসতে পারত না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এতদূর আসতে পেরেছে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদেরকে যেটা বলে, তোমাদের পিতা-মাতা ও তোমাদের সেটাই বলে। শিবির তোমাদেরকে আদর্শ ছাত্র, ভালো ছাত্র হতে বলে, যেটা তোমাদের অভিভাবকরাও বলেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা সভাপতি রাকিব মাহমুদ, কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, শিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. এমরান খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।