নারায়ণগঞ্জ-৫ এ ঘোষিত প্রার্থীকে আমরা চিনি না – অ্যাডভোকেট সাখাওয়াত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ রবিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে মামলা, জেল-জুলুম ও রাজপথের আন্দোলনে যারা একসাথে ছিলেন, তারা সবাই দল ও দেশের স্বার্থে নিবেদিত। ২৪-এ শিক্ষার্থীদের আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিএনপি কর্মীদের অবদানেই আজ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার মূল কাজ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তিনি মনে করিয়ে দেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, আর এই দলের প্রাণশক্তি হলো তৃণমূলের কর্মী-সমর্থক এবং নারায়ণগঞ্জের ভোটাররা।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ–৫ আসনে দলের যোগ্য ও জনপ্রিয় নেতাকে প্রার্থী হিসেবে দেখতে তৃণমূল নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু ৩ নভেম্বর বিএনপির মহাসচিব যে ২৩৬ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেন, তাতে নারায়ণগঞ্জ–৫ আসনে এমন একজনকে প্রার্থী করা হয়, যাকে দলীয় নেতা–কর্মীরা কখনোই যোগ্য প্রার্থী হিসেবে ভাবেননি। “এই প্রার্থী ঘোষণার পর নারায়ণগঞ্জ–৫ আসনের ভোটার এবং তৃণমূল নেতাকর্মীদের বুকে রক্তক্ষরণ হচ্ছে,”—বলেছেন সাখাওয়াত।

তার দাবি, মনোনীত ব্যক্তিকে কেউ দলীয় কর্মকাণ্ডে দেখেননি; স্থানীয় নেতাকর্মীরাও তাঁর সঙ্গে পরিচিত নন। এ কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং স্থায়ী কমিটির কাছে তাঁরা আবেদন করেছেন—এই প্রার্থীকে পরিবর্তন করে মহানগর বিএনপির যেকোনো পরিচিত, পরীক্ষিত, সংগ্রামী নেতাকে মনোনয়ন দেওয়া হোক।

অ্যাডভোকেট সাখাওয়াত অভিযোগ করেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কখনো বিএনপি করেননি; বরং গত ১৫ বছরে সরকারঘনিষ্ঠ সুবিধা নিয়েছেন—ব্যবসায়িক সুবিধা, ব্যাংকের মালিকানা, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ—সবই করা হয়েছে সরকারের লব্ধ সুযোগে। তিনি বলেন, “আমরা চাই ধানের শীষের প্রার্থী হোক এমন কেউ, যিনি অন্তত বিএনপি করেছেন, রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন, জেল খেটেছেন, দলে বিশ্বাসী এবং সংকটে দল ছাড়বেন না।

তিনি আরও বলেন, মাঠের যেকোনো প্রকৃত বিএনপি নেতাকে মনোনয়ন দিলে বিজয় নিশ্চিত করা সম্ভব। কিন্তু যাকে ঘোষণা করা হয়েছে, তাঁর বিষয়ে সর্বত্র বলা হচ্ছে—তাকে কেউ চেনেন না, রাজপথে দেখেননি, এবং তাঁর পক্ষে নির্বাচন পরিচালনা করা হবে অত্যন্ত কঠিন। তাই দলের মঙ্গল ও ঐক্য রক্ষায় তিনি এবং তার সহযোগীরা মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানিয়েছেন।

শেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যাকে প্রার্থী করা হয়েছে তিনি বিএনপির কেউ নন। আমরা ঐক্যবদ্ধভাবে চাই—নারায়ণগঞ্জ–৫ আসনে যোগ্য, ত্যাগী, আন্দোলন-পরীক্ষিত নেতাকেই ধানের শীষের প্রার্থী করা হোক।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত