প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
আইনজীবী জানান, লিভ টু আপিলের আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যেন জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞার আবেদনও করা হয়েছে।
এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ওই দিনই তিনি শপথ নেন।
সরোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।
নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। পরবর্তী সময়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়ে রুল জারি করা হয়।
হাইকোর্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী হন সরোয়ার আলমগীর। তবে আদালতের আদেশের কারণে ওই ফলাফল প্রকাশ করা হয়নি।
পরে জামায়াত প্রার্থী নুরুল আমীনের করা আপিলের ওপর শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ আদেশ দেন। আপিলটি নিষ্পত্তি করে দেওয়া ওই আদেশে দ্রুততম সময়ে, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, হাইকোর্টে থাকা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
এরপর হাইকোর্টে সংশ্লিষ্ট রুলের ওপর শুনানি হয়। শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেন।
এবার সেই রায়ের বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল করলেন মুহাম্মদ নুরুল আমীন। ফলে চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা ও নির্বাচনী ফলাফল নিয়ে আইনি প্রক্রিয়া নতুন করে আপিল বিভাগে গড়াল।