ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছেলে নিহত, শোকে মায়ের মৃত্যু

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০ বার

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আতাউর রহমান আতা (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন তাঁর ৭৫ বছর বয়সী মা জহুরা খাতুন।

বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

স্বজনদের ভাষ্য, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে যাত্রী পরিবহনের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি।

রাত ৮টার পর স্বজনেরা জানতে পারেন, সনমানিয়া ইউনিয়নের মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আতাউর রহমানকে শনাক্ত করেন।

স্বজনেরা জানান, ছেলের নির্মম হত্যাকাণ্ডের খবর বাড়িতে পৌঁছানোর পর বৃদ্ধ মা জহুরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের ধারণা, ছেলের মৃত্যুর শোক ও আকস্মিক মানসিক আঘাতে তাঁর স্ট্রোক হয়।

উপজেলার আড়ালিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করেছে। তাঁর মাথায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের সময় এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত