মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেট’, প্রতিবাদ জামায়াতের

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় ‘সিন্ডিকেট’ ও একটি ‘অসাধু চক্র’ জড়িত বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, দেশের স্বার্থ ক্ষুণ্ন করে একটি মহল মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ সীমিত করার চেষ্টা করছে।

রোববার দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। তিনি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে এমন উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানান।

গোলাম পরওয়ার বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, হয়রানি বন্ধ এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু মালয়েশিয়ায় কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার ক্ষেত্রে সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তাঁর ভাষ্য, এ ঘটনায় দেশের সাধারণ জনশক্তি রপ্তানিকারক এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, ২৫টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার মাধ্যমে কার্যত একটি সিন্ডিকেটভিত্তিক শ্রমবাজার ব্যবস্থা তৈরি করা হয়েছে। অতীতেও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট গঠনের ফলে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে এবং এতে হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, এই ব্যবস্থার কারণে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। তাই সিন্ডিকেট ভাঙতে অভিজ্ঞ ও বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য উন্মুক্ত, স্বচ্ছ এবং সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শ্রমিকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা বন্ধ করতে এবং তাদের সম্ভাব্য শোষণ, অতিরিক্ত ব্যয় ও সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে রক্ষা করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি কর্মীদের সহজে ও কম খরচে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।

গোলাম পরওয়ার সরকারের প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, সিন্ডিকেটের প্রভাব বন্ধ এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ তৈরির আহ্বান জানান।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত