নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা, উত্তপ্ত সৈয়দপুর

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে নতুন পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্যের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কিছু সময়ের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

পরিদর্শন কক্ষের নামফলকে শুধু স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। তাঁকে কেন অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়নি এবং নামফলকে তাঁর নাম কেন রাখা হয়নি—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিলকিস ইসলাম বলেন, পরিদর্শন কক্ষটি কি শুধু একজন দলীয় সংসদ সদস্যের জন্য? এ সময় তিনি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের হুঁশিয়ারি দেন। পাশাপাশি আইনি ও রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলার কথাও বলেন তিনি।

দুই পক্ষের নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বিলকিস ইসলামকে পরিদর্শন কক্ষে বসান। তবে এরপরও প্রায় এক ঘণ্টা ধরে দুই সংসদ সদস্যের মধ্যে বিষয়টি নিয়ে কথাকাটাকাটি চলে বলে উপস্থিত ব্যক্তিরা জানান।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বক্তব্যের জবাবে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্যদের জন্য নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা থাকে না। ফলে তাঁদের নামে পৃথক পরিদর্শন কক্ষ রাখারও সুযোগ নেই।

তিনি বলেন, পরিদর্শন কক্ষটি দেশের ৩৫০ জন সংসদ সদস্যের জন্য উন্মুক্ত থাকবে। তবে তিনি এ এলাকার নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় বিধি অনুযায়ী নামফলকে তাঁর নাম রাখা হয়েছে।

সরকারি একটি অনুষ্ঠানে সমর্থক ও অনুসারীদের নিয়ে এসে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ও এম এ পারভেজ লিটন।

এ ছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিদর্শন কক্ষের নামফলক ঘিরে দুই সংসদ সদস্যের প্রকাশ্য বিরোধের ঘটনায় সরকারি অনুষ্ঠানের পরিবেশ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরে উপস্থিত ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিস্তারিত জানতে আরো পড়ুন>> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত