প্রকাশ: ২৮শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিনের মাসুমা বেগমের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। সোমবার দুপুর ১২টার দিকে বিমানবাহিনীর প্রধানের পক্ষে ইউং কমান্ডার এবিএম সরোয়ার জাহান নিহতের কবর জিয়ারত করেন এবং ফুলেল শ্রদ্ধা জানান। পরে মাসুমা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
জিয়ারত শেষে ইউং কমান্ডার সরোয়ার জাহান নিহত মাসুমার পরিবারের সঙ্গে দেখা করেন, পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং খোঁজ-খবর নেন। তিনি মাসুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “বিমানবাহিনী সব সময় নিহত মাসুমার পরিবারের পাশে থাকবে।” তিনি নিহতের ছেলের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য বিষয়েও বিমানবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে গুরুতর দগ্ধ হন স্কুলের আয়ার দায়িত্বে থাকা মাসুমা বেগম (৩৮)। টানা ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি ২৬ জুলাই সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাসুমা বেগমের মরদেহ শনিবার রাতে গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের রুন্দি বাড়িতে পৌঁছায়। রবিবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো এই নারী স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। তার আকস্মিক মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার মানুষের মনে শোকের গভীর দাগ কেটে দিয়েছে।