প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ট্রাক হেলপার। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ট্রাকচালক।
নিহত হেলপার আবু সাঈদ (১৮) রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তরবালিয়া গ্রামের বাসিন্দা এনামুল ড্রাইভারের ছেলে। আহত ট্রাকচালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রডভর্তি ট্রাকটি ঢাকা থেকে ছেড়ে আসছিল। দুর্ঘটনার সময় হেলপার আবু সাঈদ নিজেই ট্রাক চালাচ্ছিলেন, আর মূল চালক নাসিম হোসেন চালকের আসনের পাশে বসেছিলেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে হঠাৎ ধাক্কা দেয় রডভর্তি ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান হেলপার আবু সাঈদ। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটির ভেতরে কোনো আরোহী ছিল না।
ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং আহত চালক নাসিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কের যান চলাচল বিঘ্নিত হয়। পরে ট্রাক সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।