মিষ্টি স্বাদের ছোঁয়ায় বিশ্ব চকলেট দিবস

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪ বার
মিষ্টি স্বাদের ছোঁয়ায় বিশ্ব চকলেট দিবস

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

পৃথিবীর অধিকাংশ মানুষের কাছেই চকলেট কেবল একটি খাবার নয়, বরং এটি এক টুকরো আনন্দ, এক চিমটি প্রশান্তি এবং মুহূর্তের ক্লান্তি দূর করার জাদুকরী দাওয়াই। আজ ৭ জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব চকলেট দিবস’। ডার্ক, মিল্ক, হোয়াইট কিংবা বাদাম দেওয়া চকলেটের নাম শুনলেই জিবে জল আসে না—এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ক্যালোরি কিংবা ডায়েট চার্টের সব হিসাব আজ তোলা থাক আলমারির তাকে। আজকের দিনটি অন্তত নিজের প্রিয় চকলেটের স্বাদ উপভোগ করার, মন খুলে মিষ্টি আবেগে ভেসে যাওয়ার। পৃথিবীর প্রতিটি প্রান্তে আজ চকলেটপ্রেমীরা মেতে উঠেছেন চকলেটের সুমিষ্ট উৎসবে।

চকলেটের চার হাজার বছরের এই দীর্ঘ পথচলা বেশ রোমাঞ্চকর। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, ১৫৫০ সালের ৭ জুলাই ইউরোপের মাটিতে প্রথম চকলেটের পদার্পণ ঘটেছিল। সেই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী এই দিবস উদযাপনের প্রথা শুরু হয়। তবে চকলেটের জন্মকথা আরও অনেক বেশি প্রাচীন ও রহস্যময়। প্রায় চার হাজার বছর আগে মেসোআমেরিকায়, অর্থাৎ বর্তমান মেক্সিকোর ওলমেক সভ্যতায় প্রথম কোকোগাছের সন্ধান পাওয়া গিয়েছিল। তখন চকলেটের রূপ আজকের মতো মোলায়েম ছিল না; প্রাচীন মানুষ কোকো বিন থেকে তৈরি করত এক ধরনের তেতো পানীয়। শত শত বছরের বিবর্তন, নানা দেশ ও সংস্কৃতির স্পর্শ আর প্রযুক্তির উৎকর্ষে সেই তেতো পানীয় আজকের মখমলের মতো মসৃণ ও লোভনীয় চকলেটে রূপান্তরিত হয়েছে।

একটি চকোলেট বা চকলেটের টুকরো মানুষের মস্তিষ্কে এন্ডোরফিন নামক হরমোনের নিঃসরণ ঘটায়, যা আমাদের মন ভালো করে দেয় মুহূর্তের মধ্যে। এটি কেবল জিভের তৃপ্তি নয়, বরং মানসিক চাপ কমাতেও কার্যকর ভূমিকা পালন করে। ডার্ক চকলেটে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই চকলেটকে অনেকেই কেবল মিষ্টি খাবার হিসেবে দেখেন না, বরং শরীর ও মনের সুস্থতার সহযোগী হিসেবেও গ্রহণ করেন। তবে চকলেট দিবসের মাহাত্ম্য কেবল এর স্বাস্থ্যে গুণাবলিতে সীমাবদ্ধ নয়; এটি মূলত সম্পর্কের মিষ্টি বন্ধন আর ভাগ করে নেওয়ার আনন্দের উৎসব।

ক্যালেন্ডারের পাতায় চকলেটের জন্য একাধিক দিন বরাদ্দ থাকলেও ৭ জুলাইয়ের আবেদন অন্যরকম। আমরা জানি, ভালোবাসা সপ্তাহের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে পালিত হয়। আবার ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মহাসমারোহে উদযাপিত হয় জাতীয় চকলেট দিবস। চকলেটের প্রধান উপাদান কোকোর সম্মানে ১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কোকো দিবস। প্রতিটি দিবসের পেছনেই রয়েছে ভিন্ন ভিন্ন ইতিহাস ও আবেগ। তবুও আজকের এই দিনে চকলেটপ্রেমীরা তাদের প্রিয় মানুষের হাতে এক বাক্স চকলেট তুলে দিয়ে সম্পর্কের উষ্ণতা আরও বাড়িয়ে নেন। এই দিনটি মনে করিয়ে দেয় যে, জীবনের জটিল সমীকরণের মাঝেও ছোট ছোট আনন্দগুলোই আমাদের বেঁচে থাকার শক্তি জোগায়।

চকলেট তৈরির কারিগর ও শিল্পীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী চকলেটের বাজার প্রতি বছরই বড় হচ্ছে। বেলজিয়াম, সুইজারল্যান্ড থেকে শুরু করে ফ্রান্সের কারিগরদের হাতের জাদুতে চকলেট আজ শিল্পের পর্যায় পৌঁছেছে। নান্দনিক মোড়ক আর বৈচিত্র্যময় স্বাদের চকলেট এখন উপহারের অন্যতম শ্রেষ্ঠ উপকরণ। উপহার হিসেবে চকলেটের আবেদন চিরন্তন। যেকোনো উৎসব, জন্মদিন কিংবা বিশেষ দিনে প্রিয়জনকে এক বক্স চকলেট উপহার দেওয়ার মাধ্যমেই যেন সব না বলা কথাগুলো সুন্দরভাবে প্রকাশ করা যায়। আজকের দিনটি সেই শিল্পীদের পরিশ্রম আর সৃজনশীলতাকেও সম্মান জানানোর দিন।

একটি বাংলাদেশ অনলাইন আজকের এই বিশ্ব চকলেট দিবসে প্রত্যাশা করে, চকলেটের মতোই মিষ্টি আর মসৃণ হোক প্রতিটি মানুষের জীবন। যান্ত্রিক জীবনের ইট-পাথরের ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই ছোট ছোট সুখের কথা। হয়তো এক টুকরো খাঁটি চকলেটের মিষ্টি স্বাদই পারে আমাদের মনের ক্লান্তি ধুয়ে দিতে। আজ অন্তত সব ভয় ও অপরাধবোধ ঝেড়ে ফেলে নিজেকে কিছুটা সময় দিন। প্রিয় মানুষের সাথে এক টুকরো চকলেট ভাগ করে নিন। পৃথিবীর প্রতিটি মানুষ আজ যেন চকলেটের মিষ্টি গন্ধে মেতে ওঠে এক নতুন সমপ্রীতির বন্ধনে। দিনটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি, প্রতিটি মুহূর্ত হোক চকলেট সুগন্ধে ভরপুর।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত