প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় জামালপুরে শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। বুধবার (২৭ আগস্ট) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়া একটি গুরুতর আহত পরিবারকে জীবিকা নির্বাহের জন্য অটো রিকশা দেওয়া হয়।
অনুষ্ঠানে তিনটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, ১৪টি আহত পরিবারকে চিকিৎসা সহায়তা এবং একটি পরিবারকে অটো রিকশা তুলে দেওয়া হয়। এই কর্মসূচি ছিল মূলত বিএনপি’র মানবিক উদ্যোগ ‘আমরা বিএনপি পরিবার’-এর অংশ, যা দেশে-বিদেশে দলীয় নেতাকর্মীদের আর্থিক সহায়তায় পরিচালিত হয়ে থাকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক কর্তব্য নয়, বরং মানবিক দায়িত্বও। প্রধান বক্তা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, গণআন্দোলনের পথে যারা প্রাণ দিয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের পরিবারকে সহায়তা করা দলীয় অঙ্গীকারের অংশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী। এর মধ্যে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সক্রিয় সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন। পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
এই মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ পরিবারের সদস্যরা বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, আন্দোলনে হারানো প্রিয়জনের শূন্যতা পূরণ সম্ভব নয়, তবে এ ধরনের সহায়তা তাদের জীবনের কষ্ট লাঘবে কিছুটা সহায়ক হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে বিএনপি শুধু আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে না, বরং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আস্থা ও ঐক্যের বার্তাও দিচ্ছে। একইসঙ্গে তারেক রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ কর্মসূচি দলীয় তৃণমূলের মধ্যে নেতৃত্বের প্রতি আস্থা আরও দৃঢ় করছে।











