দেশের স্বার্থ রক্ষায় ১৪ দলের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুমকি

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার
দেশের স্বার্থ রক্ষায় ১৪ দলের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুমকি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও স্পিরিট ধারণ করে দেশের স্বার্থ রক্ষার্থে জাতীয় পার্টিসহ ১৪টি রাজনৈতিক দলকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদি অন্তর্বর্তী সরকার এই নির্দেশনা মানার ব্যবস্থা না করে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। একইসঙ্গে রাজপথে কঠোর কর্মসূচি গ্রহণের হুমকিও দিয়েছে তারা।

জুলাই ঐক্য জানায়, গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যন্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি করা হয়েছিল। চলতি বছরের তিন মাসের পর্যবেক্ষণে দেখা গেছে, জাতীয় পার্টিসহ এই দলের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে সক্রিয় ভূমিকা নিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, জাতীয় পার্টির বিভিন্ন অফিসে দেশী অস্ত্র মজুত রয়েছে।

সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাধারণ জনগণের ওপর আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার, গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায় জাতীয় পার্টিসহ এই ১৪ দল এড়াতে পারবে না। জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে এবং নির্বাচনী ব্যবস্থাকে বারবার ব্যর্থ করেছে। জুলাই ঐক্য মনে করে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য এই ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী।

জুলাই ঐক্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, “বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।”

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ড সরকারের অনীহা বা দুর্বলতার কারণে এখনো সীমিত হচ্ছে না। জনবহুল এলাকায় পুলিশের উপস্থিতির পরেও দলটির নেতাকর্মীরা অস্ত্র হাতে মিছিল করছে, বিস্ফোরক ব্যবহার করছে এবং জুলাই যোদ্ধাদের ওপর হুমকি ও হামলা চালাচ্ছে।

জুলাই ঐক্য মনে করে, জাতীয় পার্টিসহ এই ১৪ দলকে অবিলম্বে নিষিদ্ধ ও বিচারের মুখোমুখি না করা হলে এটি হবে গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সরাসরি গাদ্দারির শামিল। সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, সরকার যদি আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি ও তার সহযোগীদের নিষিদ্ধ না করে এবং নির্বাচন কমিশনের তালিকা থেকে তাদের নাম বাতিল না করে, তাহলে আইনানুগ পদক্ষেপের পাশাপাশি রাজপথে কঠোর কর্মসূচির মাধ্যমে তাদের দাবি বাস্তবায়ন করবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত