মাথার খুলি ফ্রিজে, মাথার ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার
মাথার খুলি ফ্রিজে, মাথার ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা।  একটি বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন। গত শনিবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মাথা থেকে ১৩ টুকরো হাড় অপারেশন করে বের করা হয়। বর্তমানে তার খুলি ফ্রিজে সংরক্ষিত রয়েছে এবং মাথার ব্যান্ডেজে লেখা আছে, ‘হাড় নেই, চাপ দিবেন না’, যা মাথার নরম অংশে কোনো চাপ না পড়ার জন্য সতর্কতামূলকভাবে লেখা হয়েছে।

মামুনের বন্ধু রাসেল রানা জানিয়েছেন, টানা চারদিন লাইফ সাপোর্ট ও আইসিইউতে থাকার পর বুধবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, “মামুন ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছে। তার মাথার ভেতরে হাড় টুকরা হয়ে গেছে এবং রক্ত জমাট বাঁধায় ব্রেইনের পেছনের অংশে অপারেশন করা হয়েছে। ডাক্তাররা বলেছেন, পরিস্থিতি ভালো থাকলে এক মাসের মধ্যে খুলি পুনঃস্থাপন সম্ভব, তবে প্রয়োজন হলে সময় আরও বাড়তে পারে। বর্তমানে সে শঙ্কামুক্ত।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “৩১ আগস্ট প্রায় চার ঘণ্টা ধরে মামুনের অপারেশন করা হয়। তার মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে। দেশীয় অস্ত্রের আঘাতে ব্রেইনের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। সুস্থ হলে দুই মাস পর তার খুলি লাগানো হবে।”

পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন জানান, “মামুন মোটামুটি ভালো আছে। তার সেন্সও ফিরে আসছে। কেবিনে চিকিৎসা চলছে। আপাতত খুলি খুলে সংরক্ষণ করা হয়েছে। এক থেকে দুই মাসের মধ্যে, বা পরিস্থিতি অনুযায়ী, খুলি পুনঃস্থাপন করা হবে।”

ঘটনার পটভূমিতে জানা গেছে, শনিবার রাত ১২টা থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত চবি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। মামুনের মারাত্মক অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে দেশের বিভিন্ন পর্যায়ে উদ্বেগের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত